২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শায়খ রহমানকে হাজির না করায় বোমা হামলা মামলার চার্জ গঠন হয়নি, পরবর্তী তারিখ ১২ জুন

বগুড়ার দ্বিতীয় স্পেশাল ট্রাইব্যুনালে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানকে মঙ্গলবার হাজির না করায় বোমা বিস্ফোরণে হত্যা ও বিস্ফোরক উদ্ধার মামলায় চার্জ গঠন হয়নি। আদালত ১২ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

আদালত সূত্র জানায়, গত বছরের ১৪ জানুয়ারি রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে আয়োজিত নাট্যানুষ্ঠানে জেএমবি ক্যাডাররা বোমা হামলা চালালে শফিকুল ইসলাম নামে এক রিকশা--ভ্যান চালক নিহত এবং মহিলাসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হন।

এ হামলার সূত্র ধরে পুলিশ ১৬ জানুয়ারি রাতে বাংলা ভাইয়ের চারণভূমি গাবতলী উপজেলার চকসদু গ্রামে জেএমবি ক্যাডার জয়নাল সরকারের বাড়ি থেকে পুলিশ বোমা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করে। এ সময় জেএমবি’র বোমা স্কোয়াডের সদস্য শফিকুল্লাহকে গ্রেপ্তার করে।

শাজাহানপুর ও গাবতলী থানায় পৃথক দু’টি মামলায় শায়খ রহমানকে এর আগে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তাকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আসামি বর্তমানে ঝালিকাঠি কারাগারে থাকায় তাকে আনা সম্ভব হয়নি।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কঠোর পাহারায় অন্য আসামি ড. গালিব, জয়নাল সরকার, তার স্ত্রী মনোয়ারা ও শফিকুল্লাহকে আদালতে হাজির করা হয়। বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান প্রধান আসামি অনুপস্থিত থাকায় চার্জ গঠনের জন্যে পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওইদিন আসামিকে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে দায়ের করায় অন্য একটি মামলার শুনানির (নং--৪৩৫/২০০৫) তারিখ রয়েছে ৩ জুলাই।