২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘উপজাতি’ শব্দ নিয়ে পাহাড়ে ক্ষোভ

পররাষ্ট্র মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া এক আদেশে এখন থেকে সরকারি নথিপত্রে ‘আদিবাসী’ শব্দের বদলে ‘উপজাতি’ শব্দ ব্যবহার করতে বলেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

পাহাড়ের রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেছেন, এটি আদিবাসী জনগণকে দমন করার কৌশলেরই একটি অংশ।

একজন শীর্ষ স্থানীয় পাহাড়ি নেতা বিডিনিউজকে বলেন, আমাদের কি নামে অভিহিত করা হবে, তা নির্ধারণ করার কোনো অধিকারই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানও বিষয়টি নিয়ে চিন্তিত। তিনি জানান, এ বিষয়ে তিনি শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করবেন।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই আদেশপত্র ইতিপূর্বের সরকারি নথিপত্রের পরিপন্থী।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান রূপায়ন দেওয়ান বলেন, বাংলাদেশে বংশ পরম্পরায় বসবাসরত জাতিগত সংখ্যালঘুরা এরই মধ্যে নিজেদের আদিবাসী বলে চিহিৃত করেছে। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ না করাই কাম্য।

সাবেক গেরিলা নেতা রূপায়ন সরকারি ওই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বাংলাদেশ আদিবাসী ফোরামও সরকারের ওই আদেশপত্রের প্রতিবাদ করেছে।  ফোরামের একজন নেতা বলেন, বাংলাদেশের আদিবাসীরা এরই মধ্যে সরকারের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক শান্তিচুক্তি। গত বছর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতি সংঘের স্থায়ী ফোরামে পার্বত্য প্রতিনিধিরা এ দেশের আদিবাসী জনগণের মানবাধিকার লঙ্ঘন ও শান্তিুচুক্তি বাস্তবায়নে সরকারের দীর্ঘ সূত্রিতার প্রতিবাদ করেন।