বাংলাদেশের তেল গ্যাস ব্লক ‘দখল’: ঢাকা এখনো প্রতিবাদ জানায়নি, পররাষ্ট্র মন্ত্রণালকে জ্বালানি বিভাগের চিঠি
ভারত এবং মায়ানমার গভীর সাগরে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধান ব্লক দখল করে নিলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রতিবাদ জানানো হয়নি।
তবে যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে সোমবার জ্বালানি বিভাগের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
জ্বালানি বিভাগের তথ্য থেকে জানা যায়, ভারত তার ৬ষ্ঠ দফা বিডিংয়ের জন্যে গভীর সাগরে যে ২২ ও ২৩ নং ব্লক সৃষ্টি করেছে, তার মাধ্যমে বাংলাদেশের এক লাখ বর্গ কিলোমিটারের ২০টি ব্লকের আটটির ১৯ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। মায়ানমারও দখল করে নিয়েছে বাংলাদেশের সাতটি ব্লকের ১৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা।
সোমবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান লে. জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, নৌবাহিনী প্রধান বৈঠকে জানিয়েছেন, তারা ভারতীয় দখল সর্ম্পকে এখনো কিছু জানেন না। তবে কমিটি নৌবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।
এদিকে গভীর সাগরে বাংলাদেশের তেল গ্যাস অনুসন্ধানে ৩য় রাউন্ড বিডিংয়ের প্রস্তুতি হিসেবে পেট্রোবাংলার পদস্থ কর্মকর্তারা সোমবার বৈঠক করেছেন। রোববার জ্বালানি বিভাগের পক্ষ থেকে পেট্রোবাংলাকে ৩য় রাউন্ড বিডিং প্রস্তুতির অগ্রগতি ১৫ দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়।
গভীর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি পর্ব হিসেবে নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের খসড়া নীতিমালা মন্ত্রিসভা অনুমোদন না করায় সার্ভে ছাড়াই জ্বালানি বিভাগ ৩য় রাউন্ড বিডিংয়ের প্রস্তুতি নিতে পেট্রোবাংলাকে আদেশ দেয়।
এর আগে জ্বালানি বিভাগের নির্দেশে গত বছরের মধ্য ভাগে পেট্রোবাংলা ৩য় দফা বিডিংয়ের প্রস্তুতি গ্রহণ করে। এর জন্যে সে সময় পেট্রোবাংলা পরিচালক (পিএসসিকে) আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। গঠিত হয় চারটি সাব কমিটি।
এই চার সাব কমিটি ৩য় রাউন্ড বিডিংয়ের নীতিমালা, ব্লক বিভাজন, ’৭৯ সালের মডেল পিএসি’র সংশোধনসহ প্রয়োজনীয় কাজের খসড়া করে রেখেছে। এগুলো মূল্যায়ন শেষ করে নির্ধারিত ১৫ দিন সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সোমবারের সভায় সিদ্ধান্ত হয়।
পেট্রোবাংলার একজন কর্মকর্তা বলেন, ৩য় রাউন্ড বিডিংয়ের প্রস্তুতি কেবল পেট্রোবাংলার একার ওপর নির্ভরশীল নয়। এর জন্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত দরকার।
তিনি আরো বলেন, নতুন কোনো পিএসসি স্বাক্ষরের ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্যে আইনি উদ্যোগ নিয়ে জ্বালানি বিভাগের সাথে আলোচনা করে আগামী বুধবার পেট্রোবাংলার আইন উপদেষ্টাকে পদক্ষেপ নিতে বলা হবে।
সভায় বলা হয়, যেহেতু সাইসমিক সার্ভে ছাড়াই বিডিং--এ যেতে হচ্ছে, তাই আগের খসড়ায় গভীর সাগরের ১ লাখ ৪ হাজার বর্গ কিলোমিটারে যে ২০টি ব্লক করা হয়েছিল, তার সংখ্যা কমিয়ে আনা হতে পারে।
তবে ব্লকের আকার আগের চেয়ে বড় হলেও মোট আয়তন একই থাকবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, তিন মাস সময় দিয়ে বিড আহ্বানের প্রস্তাব করা হবে। একই সাথে ঢাকাসহ বিশ্বব্যাপী তিন বা চারটি রোডশো করার বিষয়ও তারা সুপারিশ করবেন। এর সাথে ব্লকের খসড়া, পিএসসি সংশোধনীর সুপারিশ, বিড দলিলের খসড়াসহ সবকিছু জ্বালানি বিভাগে আগামী ১৫ দিনের মধ্যে পাঠানো হবে। বিডিংয়ে যাওয়ার জন্যে এই সকল দলিলের মন্ত্রিসভায় অনুমোদন প্রয়োজন হবে।
সূত্র মতে, চলতি সরকারের মেয়াদকালে বড়জোর ৩য় রাউন্ড বিডিংয়ের জন্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হবে।
সূত্র জানায়, সকল কাজ শেষ করে কমপক্ষে ছয় মাসের আগে ৩য় রাউন্ড বিডিংয়ে যাওয়া সম্ভব নয়। কেননা এর জন্যে চারটি বিষয়ে সরকারের দিক নির্দেশনা প্রয়োজন হবে। এগুলো হচ্ছে-- ১. সংশোধিত মডেল পিএসসি অনুমোদন ২. ভারত ও মায়ানমারের দখল করে নেয়া ব্লকসহ না--কি তা বাদ দিয়ে বিড করা হবে, তার দিক নির্দেশনা ৩. হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ৩. বিডিং প্যাকেজ চূড়ান্তকরণ এবং রোডশো আয়োজন।
