দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
দিনাজপুর-পার্বতীপুর সড়কে চিরিরবন্দর উপজেলার কারেন্টের বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার একথা জানায়।
নিহত শিশুর নাম আরিফুল (৭)। সে চিরিরবন্দর উপজেলার ভোলানাথপুর গ্রামের নুরুল হকের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চিরিরবন্দর উপজেলার কারেন্টের বাজারে ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ব্রেক না করে আরিফুলকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ বাসটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
