বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট ২৫৭ জন যাত্রী নিয়ে মন্ট্রিলে আটকা পড়েছে
মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)’র আপত্তির মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউইর্য়ক ফ্লাইট ২৫৭ জন যাত্রী নিয়ে কানাডার মন্ট্রিলে আটকা পড়েছে।
বিমান সূত্র জানায়, এফএএ বিমানের ওই ফ্লাইটটিকে নিউইয়র্কে অবতরণ করতে না দেওয়ায় এটি ঘুরে রোববার বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় কানাডার মন্ট্রিলে অবতরণ করে।
ঢাকা - ব্রাসেলস - নিউইয়র্ক রুটের ফ্লাইটটি (বিজি -- ০১২) শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়ালে বিমানের উড়োজাহাজ নিউইয়র্কে অবতরণ করতে দেওয়া হবে না বলে এফএএ সম্প্রতি এক চিঠিতে জানায়। এফএএ’র ওই হুমকি এবার বাস্তবায়ন করা হলো।
তিনি জানান, মন্ট্রিলে আটকে পড়া যাত্রীদের অন্য এয়ারলাইন্সে করে নিউইয়র্ক পাঠাতে কর্তৃপক্ষ চেষ্টা করছে ।
সূত্র জানায়, অনেকদিন ধরেই এফএএ বিমানকে অবিলম্বে তাদের ফ্লাইট ‘বি ক্যাটাগরি’ থেকে ‘এ ক্যাটাগরি’তে উন্নয়নের পরামর্শ দেয়। অন্যথায় বিমানের ফ্লাইটের মান ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হবে বলেও তারা জানায়। এফএএ’র নিয়ম অনুযায়ী কোনো এয়ারলাইন্সকে ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হলে সেটি আর আমেরিকায় অবতরণ করতে পারবে না।
এদিকে, বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্ক ফ্লাইটি কানাডার আকাশ সীমায় প্রবেশ করলে সে দেশের সিভিল এভিয়েশন অথরিটি পাইলটকে জানায়, নিরাপত্তা জনিত কারণে ওই ফ্লাইটটি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে অবতরণ করতে পারবে না। এ অবস্থায় ফুয়েল স্বল্পতার কারণে বিজি ০১১ ফ্লাইট রোববার বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৫ মিনিটে মন্ট্রিল বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটের যাত্রীদের তাৎক্ষণিকভাবে মন্ট্রিল শেরাটন হোটেলে রাখা হয়।
বিমানের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কানাডার সিভিল এভিয়েশন অথরিটি বিমানের ওই উড়োজাহাজটিকে উড্ডয়নের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে সার্টিফাই করেছে। এরই মধ্যে বিমান কর্তৃপক্ষ ওই উড়োজাহজটিকে কেনো জেএফকে বিমানবন্দরে নামতে দেওয়া হলো না -- তা এফএএ’র কাছে জানতে চেয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ট্রিলে আটকে পড়া যাত্রীদের অন্য এয়ারলাইন্সে করে নিউইয়র্ক পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়। তবে এতে নিউইয়র্ক -- ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের যাত্রীদের জন্য বিমান কর্তৃপক্ষ কি উদ্যোগ নিয়েছে, তা বলা হয়নি।
এফএএ’র অনুমতি না নিয়েই বিমান লাভের আশায় গত এপ্রিলে রুট পরিবর্তন করে ঢাকা থেকে ব্রাসেলস হয়ে নিউইয়র্ক যাওয়ার বদলে কিছুদিন ম্যানচেস্টার হয়ে নিউইয়র্ক রুটে যাত্রী পরিবহন শুরু করে। এ জন্যে এফএএ সংস্থাটিকে বিপুল অংকের অর্থ জরিমানা করে ।
পরে কর্তৃপক্ষ আবার পুরোনো রুটে নিউইয়র্ক ফ্লাইট চালানো শুরু করে।
বিমান এরই মধ্যে আগামী ৩ জুন থেকে লোকসানী নিউইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এ রুটে প্রতি ফ্লাইটে বিমানের প্রায় ৭৩ লাখ টাকা লোকসান হয়।
তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি--১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ--২৮ রয়েছে।
