বান্দরবানে আদিবাসী ম্রো শুমারী শুরু
বান্দরবান জেলায় বসবাসকারী আদিবাসী ম্রো জনগোষ্ঠীর শুমারি শুরু হয়েছে। বান্দরবান ম্রো সোশ্যাল কাউন্সিলের উদ্যোগে ম্রো সম্প্রদায়ের বসবাসস্থল হিসেবে পরিচিত চিম্বুক পাহাড় এলাকা থেকে এই গণনা কার্যক্রম শুরু হয়।
পর্যায়ক্রমে জেলার লামা ও আলীকদম উপজেলায় বসবাসরত ম্রোদের সঠিক জনসংখ্যা নিরূপণের লক্ষ্যে এই শুমারি হচ্ছে বলে ম্রো কমিউনিটির সভাপতি রাংলাই ম্রো জানিয়েছেন।
রাংলাই ম্রো জানান, সরকারিভাবে জনসংখ্যা শুমারী করা হলেও সেখানে উল্লেখিত ম্রো সম্প্রদায়ের লোকসংখ্যা সঠিক নয়।
তিনি জানান, পার্বত্যঞ্চলের তিন জেলার মধ্যে শুধু বান্দরবানে ম্রো সম্প্রদয়ের বসবাস। সঠিক পরিসংখ্যান না থাকায় পার্বত্যাঞ্চলে ম্রো জনসংখ্যার সঠিক তথ্য পাওয়া কঠিন। অথচ পার্বত্যাঞ্চলে আদিবাসীদের মধ্যে জনসংখ্যার দিকে দিয়ে ম্রোরা তৃতীয়।
তিনি আরো জানান, সঠিক পরিসংখ্যান না থাকায় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ম্রো জনগোষ্ঠী।
জানা গেছে, ২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী পার্বত্যাঞ্চলে ম্রো সম্প্রদায়ের জনসংখ্যা ২৮ হাজার ১০৯ জন। ১৯৯১ সালের পরিসংখ্যানে এটি ছিল ২২ হাজার। লোকসংখ্যা গণনার পাশাপাশি শিক্ষার বর্তমান অবস্থান, স্কুল গমনোযোগী শিশুর সংখ্যাসহ বিভিন্ন বিষয়ে এ পর্যায়ে পরিসংখ্যান তৈরি করা হবে বলে ম্রো নেতাবৃন্দ জানিয়েছেন।
