সময়মত পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে যক্ষা ভালো নিরাময়যোগ্য
গামেন্টস কর্মী জুলিয়া (প্রকৃত নাম নয়) দীর্ঘদিন ধরেই কাশি এবং জ্বরে ভুগছিলো। কিন্তু অবহেলা ও অজ্ঞতার কারণে আড়াই মাস পর তার যক্ষা রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকর্মীর সহায়তায় পরীক্ষার তার যক্ষারোগ ধরা পড়ে। কিন্তু তারপরও ভীত নয় জুলিয়া। কারণ নিয়মিত চিকিৎসার দ্বারা যক্ষা এখন নিরাময়যোগ্য। তাছাড়া দেশে যক্ষার ওষুধও পাওয়া যায় বিনামূল্যে।
স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জুলিয়া আরও জানতে পারে, যক্ষার চিকিৎসা গ্রহণ না করা কিংবা অনিয়মিত চিকিৎসার কারণে সৃষ্ট মাল্টি ড্রাগ রেসিসটেন্ট টিবি (এমডিআর টিবি) প্রায় নিরাময়ের অযোগ্য।
বিশ্বের যক্ষা প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। দেশে প্রতিবছর প্রায় তিন লাখ লোক যক্ষায় আক্রান্ত হয়। জাতীয় প্রেস ক্লাব এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক কর্মশালায় রোববার এ তথ্য জানানো হয়।
কর্মশালায় বলা হয়, দেশে প্রতি দু জনের মধ্যে অন্তত একজন যক্ষা রোগের ব্যাকটেরিয়া বহন করলেও আক্রান্তদের অধিকাংশই জানে না, কাশি তিন সপ্তাহের বেশি সময় স্থায়ী হলে তাদের টিবি পরীক্ষার প্রয়োজন। এতে আরও বলা হয়, সারা দেশে প্রায় বিনামূল্যেই যক্ষার চিকিৎসা প্রদান করা হয় এবং সরকারি বেসরকারি মিলিয়ে ৬৫৭টি চিকিৎসা কেন্দ্রে এ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
অথচ কিছুদিন আগেও যক্ষা রোগ সম্পর্কে দেশের মানুষের মনে ছিল ভুল ধারণা। সবাই মনে করতো, একবার যক্ষা হলে চিকিৎসার কোনা উপায় নেই। তাছাড়া আক্রান্তদের স্পর্শ করাতেও ছিল নিষেধাজ্ঞা।
গাজীপুর শিল্প এলাকার বাসিন্দা জুলিয়ার স্বামী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও যক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভুল ধারণা থেকে মুক্ত। তারা মনে করেন, উপযুক্ত এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে জুলিয়া আবারও কাজে ফিরতে পারবে।
দেড় মাস নিয়মিত চিকিৎসার ফলে জুলিয়া এখন কিছুটা সুস্থও হয়ে উঠেছে, এবং আরও সাড়ে চার মাসের নিয়মিত চিকিৎসায় সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় সরকার এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মকা-ে জুলিয়ার মত এমন অনেকেই এখন যক্ষা সম্পর্কে সচেতন। প্রতি হাজারে এখন ১০ জন এই মরণব্যাধী সম্পর্কে সচেতন। তবে দেশের বিশাল জনগোষ্ঠী এখনও যক্ষার আক্রমন থেকে মুক্ত নয়। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক ভিকারুন্নিসা বেগম জানান, ১৯৮৮ সাল থেকে দেশে যক্ষা রোগীদের ওপর কোনো জরিপ চালানো হচ্ছে না।
