২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্র সংঘর্ষ: শাবি ছাত্র শামীমের মৃত্যুর পর ভিসির পদত্যাগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাগীব - বারেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শুক্রবার রাতের সংঘর্ষে আহত শাবি ছাত্র শামীম চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। তার মৃত্যুর পর শাবি ভিসি ড. মোসলেহ উদ্দিন আহমদ তারেক পদত্যাগ করেছেন।  

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 02:55 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মোশাররফ হোসেন শামীম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।

শামীমের মৃত্যুর খবর সকাল ৮টায় ক্যাম্পসে পৌঁছালে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভিসির বাসভবনের সামনে ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষুব্ধ চাত্রদের অপর একটি অংশ ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা তাদের ওপর গুলি করার নির্দেশদাতা সিলেটের এএসপি গিয়াসের অপসারণ দাবি করে। পরে বেলা ১২টা ৩৫ মিনিটে ভিসির পদত্যাগের ঘোষণা আসে। তার পদত্যাগপত্রটি ভিসি ভবনের সামনে অবস্থানরত শিক্ষর্থাীদের কাছে পৌঁছে দেওয়া হয়। ছাত্ররাই পরে তার পদত্যাগপত্রটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির কার্যালয় ও শিক্ষামন্ত্রীর কার্যালয়ে ফ্যাক্স করে পাঠায়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে শুক্রবার রাতে পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করলে শামীমসহ কমপক্ষে ৪০ জন ছাত্র আহত হয়।

রাজীব, শামীম ও নিলয়কে আশঙ্কাজনক অবস্থায় শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে শামীমের অবস্থার অবনতি ঘটলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে গুলিবিদ্ধ রাজীব কুমার বসাককে শনিবার রাত পর্যন্ত ৩৬ ব্যাগ রক্ত দেওয়া হলেও তার অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতোমধ্যে তার একটি কিডনি কেটে ফেলা হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জালালাবাদ রাগীব - রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর উভয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে।