৭টি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু
দেশের সাতটি শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে।
দেশের বাইরে পাঁচটি কেন্দ্রেও এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরী বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও একই দিনে শুরু হয়েছে।
সাত বোর্ডের অধীনে এবার মোট চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষার প্রথমদিন ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং তা বেলা ১টা পর্যন্ত চলবে।
সাতটি শিক্ষাবোর্ডে মোট এক হাজার ১৭ টি পরীক্ষা কেন্দ্রে দুই লাখ ৩৫ হাজার ৬৬৯ জন ছাত্র এবং এক লাখ ৮৩ হাজার দুইশ’ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪২১টি পরীক্ষা কেন্দ্রে মোট ৫৬ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়া কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯৮ হাজার ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ভারী যানবাহন চলাচল ও সভা--সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
