২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ঝড়ে ১ জনের প্রাণহানি, মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ ৪

পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে বঙ্গোপসাগরে দু’টি মাছ ধরার নৌকা উল্টে চার জেলে নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বিডিনিউজ পটুয়াখালী ও বরিশাল প্রতিনিধি জানান, পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর বাজারে শুক্রবার সকালে ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে হাশিম তালুকদার (৫৫) নামে একজন নিহত হয়। এছাড়া ব্যাপক বৃষ্টিপাতে ৫০টি কাঁচাঘর পড়ে গেছে। এতে আরও ১০ জনের মতো আহত হয়েছে বলে প্রতিনিধিরা জানান।

গুরুতর আহত দু’জনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এফবি আরিফ ও এফবি হাসান নামের দু’টি মাছ ধরার নৌকা বৃহস্পতিবার রাতে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর সোনারচর থেকে ৫০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ডুবে গেছে।

অন্যান্য মাছ ধরার নৌকা এসে দু’টি নৌকার ২৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা জানিয়েছেন, তাদের চারজন জেলে নিখোঁজ রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে লঞ্চ ও অন্যান্য নৌযান শুক্রবার চলাচল করতে পারেনি। তবে কিছু কিছু বড় নৌযান দুপুর ২টার পর থেকে চলাচল শুরু করেছে।

দক্ষিণাঞ্চলে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে বরিশাল আবহাওয়া কার্যালয় জানিয়েছে।

রাজধানী ঢাকায়ও মাঝারি বৃষ্টিপাত জনজীবনে প্রভাব ফেলেছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া কার্যালয় জানায়। আগামী কয়েকদিন, বিশেষ করে পরবর্তী ২৪ ঘন্টা বরিশাল ও খুলনা বিভাগসহ সারা দেশে এ রকম আবহাওয়া থাকবে বলে তারা পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কুমিল্লায় সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ভোলা, চাঁদপুর ও ফেনীতে যথাক্রমে ৫৮, ৫৩ ও ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।