পাবনায় পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা
পাবনা বেড়া উপজেলার শালিখাপাড়া গ্রামে সন্ত্রাসীরা রাতে পিতা-পুত্রকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার পুলিশ একথা জানায়। নিহতরা হলো মুজাম উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াকুব (২১)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শালিখাপাড়া পাম্প স্টেশনের কাছে একটি ক্লাবে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা ইয়াকুবকে মারধর করতে থাকে। খবর পেয়ে ইয়াকুবের পিতা এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা পিতা-পুত্রকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে বেড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
