২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরা ছিনতাই নগরীতে পরিণত হয়েছে

রাজধানীর অভিজাত এলাকা উত্তরা এখন ছিনতাই নগরীতে পরিণত হয়েছে। পেশাদার ছিনতাইকারীরা ও সংঘবদ্ধ দলের সক্রিয় সদস্যরা দামি পাজেরো, প্রাইভেট কার এবং মোটরসাইকেলে চড়ে অস্ত্র ও ছোরার ভয় দেখিয়ে ছিনতাই কাজ চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 09:08 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

ছিনতাইকারীদের টার্গেট হচ্ছে সুন্দরী মেয়ে, ব্যবসায়ী ও সাংবাদিকরা। অভিযোগে জানা যায়, এ বিষয়ে পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

সূত্র জানায়, স্থানীয় ছিনতাইকারীদের সাথে কিছু মৌসুমী ছিনতাইকারী এসে যোগ দিয়েছে। রাজধানীর সায়েদাবাদ, মিরপুর, যাত্রাবাড়ী, মহাখালী, মোহাম্মদপুর, টঙ্গী, গাজীপুর, সাভার এবং আশুলিয়া এলাকায় ছিনতাইকারীরা এসে ভীড় জমাচ্ছে। তারা এসব এলাকা নিরাপদ স্থান মনে করে ঘাঁটি বেঁধেছে।

উত্তরার গুরুত্বপূর্ণ পয়েন্ট, নামি-দামি মার্কেট এবং রাস্তার মোড়ে ছিনতাইকারীরা ওঁৎ পেতে থাকে। মোবাইলে খবর পেয়ে তারা যাত্রীদের পিছু নেয় এবং ছিনতাই করে। সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনা।

পুলিশ জানায়, গত ১৪ মাসে উত্তরা এলাকায় কমপক্ষে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং ছিনতাইকারী দলের ১৪ থেকে ১৫ জন সদস্যকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এসময় পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে দু’টি প্রাইভেট কার এবং দু’টি অটোরিক্সাসহ বেশ কিছু যানবাহন আটক করেছে।

স্থানীয় লোকজন গত এক বছরে আট থেকে ১০ জন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

উত্তরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক এইম এম হেমায়েত হোসেন গত ১৪ এপ্রিল উত্তরা ১২ নং সেক্টরে শাহ মোকদুম এভিনিউ বাঁধন হাউজিং সোসাইটির সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন।

এছাড়া টঙ্গী রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবু তাহের গত ১৪ মার্চ উত্তরা ৭ নং সেক্টরে রবীন্দ্রস্মরণী রোডে ছিনতাইকারীদের কবলে পড়েন। মোটরসাইকেলে সন্ত্রাসীরা মোহাম্মদ আবু তাহেরের রিক্সার গতিরোধ করে নগদ টাকা, মোবাইল, আইডি কার্ড ও জরুরী কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে উত্তরা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

২৮ মার্চ উত্তরা সাত নং সেক্টরে উত্তরা হাইস্কুলের সামনে পাজেরো গাড়ীতে করে একদল পেশাদার ছিনতাইকারী রুহুল আমীন নামে এক ব্যবসায়ীর গাড়ীর গতিরোধ করে অস্ত্রের মুখে নগদ ১৪ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কিছুদিন পূর্বে উত্তরা তিন নং সেক্টর রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে উত্তরা থানা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বোনের কাছ থেকে প্রায় ১৫ থেকে ২০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

১০ ফেব্রুয়ারি আজমপুর বাসস্ট্যান্ডের সামনে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে বাধন মিয়া নামে এক ভাংগারী ব্যবসায়ীর নিকট থেকে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিনতাই প্রতিরোধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।