সংসদের ২১তম অধিবেশন ছিল উত্তপ্ত কিন্তু প্রাণবন্ত
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের উপস্থিতি ও উভয় পক্ষের সাংসদদের ফ্রি - স্টাইল বক্তব্যের কারণে মঙ্গলবার শেষ হওয়া জাতীয় সংসদের ২১তম অধিবেশন ছিল উত্তপ্ত কিন্তু প্রাণবন্ত।
সরকার ও বিরোধী দলের সদস্যদের পরস্পরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য ও স্পিকারের আচরণের কারণে মাত্র সাত কার্যদিবসের সংক্ষিপ্ত এ অধিবেশনের ছয় কার্যদিবসেই আওয়ামী লীগ ওয়াক আউট করে।
ওয়াক আউটের পর সেই কার্যদিবসে বিরোধী দল সংসদে যোগ না দিলেও পরের কার্যদিবসেই বৈঠকে যোগ দেন। মঙ্গলবার সংসদ অধিবেশনের সমাপনী দিনেও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ভাষণের পর ব্যক্তিগত কৈফিয়তে মন্ত্রীসহ অন্য সদস্যদের সুযোগ দেওয়া এবং হাসিনাকে ফ্লোর না দেওয়ার প্রতিবাদে আওয়ামী লীগ ওয়াকআউট করে।
বিরোধী দলের আলোচনার একটি বড় অংশ জুড়েই ছিলো ১৪ দলের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার। সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা তাদের আলোচনায় এর জবাব দেন।
এই অধিবেশনে দেশের দুই প্রধান নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা মুখোমুখি হননি। সমাপনী দিনে প্রধানমন্ত্রী সংসদে যাননি।
সংসদের এ বৈঠকে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে বিরোধী দলের সদস্যদের দেওয়া ২২৭টি মুলতবি প্রস্তাব নাকচ করে দেন। প্রস্তাবগুলোর ১১০টিই ছিল আওয়ামী লীগের শাহজাহান খানের।
নোটিশগুলো নাকচ করার যৌক্তিকতা সম্পর্কে স্পিকার বলেন, পয়েন্ট অব অর্ডারের ‘ফ্রি - স্টাইল’ বক্তব্যে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
নোটিশের বিষয়বস্তু ছিল -- দেশব্যাপী সার, ডিজেল, বিদ্যুৎ ও পানির সংকট, চাঁপাইনবাবগঞ্জের কানসাট হত্যাকা-, তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, জঙ্গি তৎপরতা, সংসদের বেসরকারি টিভি চ্যানেলের প্রবেশাধিকার, সরকারের ব্যর্থতা, দুর্ণীতিতে চ্যাম্পিয়ন হওয়া, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ, সংসদে আগুন, সংসদে নিয়োগে অনিয়ম ও দুর্ণীতি এবং ভোটার তালিকা বাতিল।
সদ্য সমাপ্ত অধিবেশনে পাঁচটি বিল সংসদে পাস করা হয়। বিলগুলো হচ্ছে -- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল ২০০৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিল ২০০৬, গ্রাম আদালত বিল ২০০৬ এবং সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন এন্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল, ২০০৬।
এছাড়া সংসদে আরো বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়েছে। সেগুলো যাচাই - বাছাইয়ের জন্যে স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য জমা হওয়া ২৩টি প্রশ্নের মধ্যে তিনি ছয়টি প্রশ্ন ও কিছু সম্পূরক প্রশ্নের জবাব দেন। এছাড়াও মন্ত্রীরা ২১২টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের প্রশ্নোত্তরের জন্য মোট ৫১১টি প্রশ্ন জমা পড়েছিল।
অধিবেশনে ৭১ বিধিতে ২০৭টি নোটিশ গ্রহণ করা হয়। এর মধ্যে মাত্র নয়টি নোটিশ নিয়ে আলোচনা হয়েছে।
