টিএন্ডটি বোর্ড বেসরকারিকরণের খবরে বিসিএস (টেলিকম) সমিতির উদ্বেগ
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বেসরকারিকরণ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে বিসিএস (টেলিকম) সমিতির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিসিএস (টেলিকম) সমিতির সভাপতি এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে সম্প্রতি তেজগাঁও টিটিসি'তে অনুষ্ঠিত এক বিশেষ সভায় বক্তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ টিএন্ডটি বোর্ড, বিসিএস (টেলিকম) সমিতি, টিএন্ডটি বোর্ডের সিবিএ এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয় এবং পরে সরকারের কাছে কমিটি একটি গঠনমূলক সুপারিশমালা পেশ করে।
সুপারিশমালাকে পাশ কাটিয়ে কোনো প্রকার পুনর্গঠনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা সমিতির কাছে গ্রহণযোগ্য হবে না বলে সভায় বক্তারা মত ব্যক্ত করেন।
সভায় বক্তারা আরো বলেন, বিসিএস (টেলিকম) সমিতির মতামতকে উপেক্ষা করে বাংলাদেশ টিএন্ডটি বোর্ড পুনর্গঠন করা হলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্যে সমিতি দায়ী থাকবে না।
