পরিবহণ ধর্মঘটের বিরুদ্ধে বাগেরহাটে সাধারণ মানুষের প্রতিবাদ, সোহাগ পরিবহণের কর্মচারীকে মারধর করেছে ধর্মঘটীরা
দক্ষিণাঞ্চলে লাগাতর পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় বিআরটিসি বাস চালানো এবং ধর্মঘট প্রত্যাহারের দাবিতে বাগেরহাট শহরে সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল করেছে।
ভোরে ধর্মঘটী শ্রমিকরা ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসের চালক আব্দুল কুদ্দুস ও সুপারভাইজার শরিফুল ইসলামকে মারপিট করে ৪ হাজার দু’শত টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ধর্মঘটী বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ পশ্চিমাঞ্চলের আরো পাঁচটি জেলাকে ধর্মঘটের আওতায় আনার লক্ষ্যে শুক্রবার বিকালে খুলনায় সভা করেছে। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত সভা চলছিল।
ধর্মঘটের তৃতীয় দিনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কিছু টেম্পু ভাংচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের চোখ এড়িয়ে কিছু টেম্পুকে গ্রামের রাস্তা দিয়ে লুকিয়ে চলাচল করতে দেখা যায়।
ঢাকা থেকে আসা সোহাগ পরিবহণের নৈশ কোচের (ঢাকা মেট্রো ব ১১-২৫৫৪) সুপারভাইজার শরিফুল অভিযোগ করেন, শুক্রবার ভোর সাড়ে ৫ টায় তাদের বাসটি বাগেরহাট বাসস্ট্যা-ে পৌছালে স্থানীয় ৭/৮ জন পরিবহণ শ্রমিক তাকে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা কর্তৃপক্ষের ৪ হাজার ২০০ টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়।
সোহাগ পরিবহণের খুলনার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি সোহাগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ধর্মঘটকারীদের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না।
