রংপুর সরকারি কলেজে ১ম বর্ষে ভর্তি নিয়ে জাসদ সমর্থিত ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫
রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শূন্য আসনে ভর্তির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার জাসদ সমর্থিত ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনায় সাধারণ শিক্ষার্থসহ উভয় পক্ষের ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের আটটি বিভাগের ৮৭টি শূন্য আসনে ভর্তি শুরু হলে ছাত্রদলের নেতাকর্মীরা এসে বাধা দেয়। তারা ওই ৮৭ জনসহ তাদের দলের ২০০ ছাত্রছাত্রী ভর্তির দাবিতে কলেজ অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দেয় । এরপর জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে আরো একটি তালা ঝুলিয়ে দেয়। এ নিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহতির ঘটনা ঘটে।
পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। প্রায় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষের সময় কলেজের অফিস রুমসহ বেশ কয়েকটি রুমের চেয়ার টেবিল ভাংচুর করে ও গুরুত্বপূর্ণ কাগজ পত্র ছিড়ে ফেলে । এই সংঘর্ষে কলেজে দুর দুরান্ত থেকে আসা ভর্তিচ্ছুসহ সাধারণ ছাত্রছাত্রীরা প্রানভয়ে দিগি¦দিক ছোটাছুটি শুরু করে। সংঘর্ষে সাধারণ ছাত্রছাত্রীসহ ২৫জন আহত হয়। আহতদের মধ্যে জাসদ ছাত্রলীগের কলেজ সভাপতি তানভির,ওসমান গনি, শ্যামল, উর্মি, ছাত্রদলের সাগর, জীম আহত হয়। পরে পুলিশ এসে কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিলে উভয় পক্ষেই কলেজ ছেড়ে চলে যায়। ফলে বৃহস্পতিবার সেখানে কোনো ভর্তি কার্যক্রম হয়নি।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ খায়রুল আলম ডাকুয়া জানান, নিয়ম অনুযায়ী শূণ্য আসন সমূহে ভর্তি করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালর যদি আসন বেশী করে তবেই অতিরিক্ত আসনে ভর্তি করা হবে।
