২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট ট্রাজেডিতে আহতদের তালিকা প্রস্তুতের কাজ শুরু

কানসাটে পুলিশের বর্বরোচিত হামলায় আহতদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ তালিকায় ৩৫৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে গঠিত তিনসদস্য বিশিষ্ট কমিটি আন্দোলন এলাকা কানসাট, আব্বাস বাজার, বাগদুর্গাপুর, গুচ্ছগ্রাম, লহলামারি, বহালাবাড়ি, গোপালনগর মোড় এলাকা ঘুরে এ তালিকা তৈরি করেন।

কমিটিতে রয়েছেন শিবগঞ্জের ইউএনও দেওয়ান মোহাম্মদ আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মর্ত্তুজা ও পল্লী বিদ্যুত উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী।

শিবগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ আব্দুস সামাদ জানান, এলাকায় ঘুরে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫৫ জন আহত পাওয়া গেছে। আহতদের সংখ্যা আরো তিন শতাধিক বাড়তে পারে।

এদিকে কানসাট ট্রাজেডিতে আহতদের বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস ও রিহ্যাবিলেটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস। কানসাট উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করে দিনভর প্রায় সাড়ে তিন’শ আহতকে চিকিৎসা দেওয়া হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস এর মহা - সচিব হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন এরিয়া কো - অর্ডিনেটর জাহাঙ্গীর আলম আকাশ।