২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব আদায় বাড়াতে কর অঞ্চলের শাখা সম্প্রসারণ করবে রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তার রাজস্ব আদায় বাড়াতে প্রতিটি কর অঞ্চলে শাখার সংখ্যা আরো ১০ থেকে ১২টি সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এনবিআর সূত্র এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 04:58 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর- এর একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, শাখা সম্প্রসারণ সম্পর্কিত একটি প্রস্তাব এখন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) রয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্যে আইআরডি পরিকল্পনাটি আগামী সপ্তাহে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠাবে।

রাজস্ব আদায়ে এনবিআরের সারাদেশে ২৫টি কর অঞ্চল রয়েছে। আর প্রতিটি কর অঞ্চলের অধীনে ২২টি শাখা কাজ করছে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এনবিআর কর্মকর্তারা আগে বলেছিলেন, রাজস্ব আদায়ের জন্যে শাখা ও কর্মকর্তাদের সংখ্যা খুবই অপর্যাপ্ত। এর আগে ১৯৯২ সালে শাখার সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল।

কর অঞ্চলের সুপারিশের প্রেক্ষিতে উত্থাপিত শাখা সম্প্রসারণের প্রস্তাবটিতে ডেপুটি ও সহকারি কমিশনার, প্রোগ্রামার, প্রধান করণিক, করণিক, কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, নিরাপত্তা প্রহরী ও পিয়নের সংখ্যা বৃদ্ধির সংক্রান্ত পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, কর অঞ্চলগুলো ১০ থেকে ১৫টি শাখায় সম্প্রসারণেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

কর অঞ্চল--৩ এর একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, আমাদের অঞ্চলে ১৪টি শাখা করার প্রস্তাব দিয়েছি। এছাড়া অন্যান্য পদের পাশাপাশি নতুন ডেপুটি ও সহকারি কমিশনারের সংখ্যা বৃদ্ধি করতেও আমরা প্রস্তাবে বলেছি।

ওই কর্মকর্তা বলেন, নতুন শাখা পরিচালনা করতে এনবিআরের গাড়ি ও অন্যান্য যন্ত্রপাতির পাশাপাশি অতিরিক্ত জনবল প্রয়োজন। 

এ ব্যাপারে জানতে চাওয়া হলে এনবিআর সদস্য (প্রশাসন) আহমেদ আলী বিডিনিউজকে বলেন, কর অঞ্চলগুলোর শাখার সংখ্যা বৃদ্ধি সমান হারে হবে নাকি অঞ্চলগুলোর চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে সে ব্যাপারে বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

সম্প্রসারণ পরিকল্পনা কবে নাগাদ চূড়ান্ত করা হবে এ ব্যাপারে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।