নীলফামারী জেলায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
নীলফামারী জেলায় ভুট্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে । এই বছর নীলফামারী জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। ভুট্টা চাষে অল্প শ্রম এবং খরচ কম। কৃষকরা সরকারী কোন সহযোগিতা ছাড়াই ভুট্টা চাষ করে আসছে।
স্থানীয় কৃষকরা জানায়, তারা তাদের নিজেদের আগ্রহ নিয়ে ভুট্টা চাষ করে আসছে। তারা পর পর দু’বার গম আবাদ করে লাভ না হওয়ায় ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ে।
একজন কৃষক জানায়, গম বা তামাক চাষ করতে বেশি অর্থের প্রয়োজন হয় তবে অল্প শ্রম ও কম খরচে ভুট্টা চাষ করা সম্ভব।
তারা জানায়, গম চাষে খারাপ বীজ, সার এবং সেচের সমস্যা রয়েছে। পক্ষান্তরে ভুট্টা চাষে তেমন কোন বড় ধরনের ঝামেলা নেই।
এছাড়া ভুট্টা আবাদের জন্য বেসরকারী পর্যায়ে দেশের বিভিন্ন এনজিও বীজ সরবরাহ থেকে শুরু করে সব ধরণের ঋণ সহযোগিতা দিচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, গত বছর জেলার ৬টি উপজেলায় ভুট্টার আবাদ হয়েছিল এক হাজার ৬’শ হেক্টর জমিতে। এই বছর প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়। উত্তরাঞ্চলে কৃষকরা তামাক বৃদ্ধির সাথে সাথে ভুট্টার আবাদও বাড়িয়ে দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, বিঘা প্রতি ১২ থেকে ১৪ মণ করে গম আবাদ হওয়ার কথা থাকলেও এ দু’বছর এখানকার কৃষকরা বিঘা প্রতি ৪/৫ মণ করে ফসল পেয়েছে। সে ক্ষেত্রে ভুট্টা বিঘা প্রতি আবাদ হচ্ছে ৩০ থেকে ৪০ মণ।
গত দুই বছর গম আবাদে লাভ না হওয়ায় বিকল্প খুঁজতে গিয়ে এ জেলার কৃষকরা ভুট্টা আবাদের দিকে ঝুকে পড়ছে।
নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাখাওয়াত হোসেন বিডিনিউজকে বলেন, ভুট্টা চাষ লাভজনক কারণ ভুট্টা ক্ষেতে একই সাথে আলু এবং তামাক চাষ করা যায়।
