সাংবাদিক নির্যাতন প্রতিরোধের দাবি নিয়ে বিশ্ব মুক্ত-গণমাধ্যম দিবস পালিত
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা এবং নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বুধবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব মুক্ত-গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নির্যাতন, কারাবরণসহ যেকোনো নির্যাতনের শিকার সাহসী সাংবাদিকদের স্মরণে জাতিসংঘ ১৯৯৩ সালে মে মাসের ৩ তারিখকে ‘বিশ্ব মুক্ত--গণমাধ্যম দিবস’ ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব কফি আনান এক বিবৃতিতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এ বছরের দিবসে ‘দরিদ্র্য নিরসনে গণমাধ্যমের স্বাধীনতার ভূমিকা’র ওপর জোর দিয়েছে।
দিনটি উপলক্ষে বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন্স (বিএনএনআরসি), মাস্--লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা), ভয়েস এবং ইয়ং পাওয়ার ইন সোসাল অ্যাকশন (ইপসা) মানুষের জন্য ও ইউনেস্কোর সহায়তায় দেশের ২১টি জেলা ও ছয়টি বিভাগীয় শহরে দু’দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে। বিভাগের পক্ষ থেকে আরসি মজুমদার মিলনায়তনে আলোচনা সভারও আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) রাজধানীতে মিছিল ও জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেছে।
জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন দিবসটি উপলক্ষে রাজধানীর বাংলাদেশে ইউনেস্কোর জাতীয় কমিশন মিলনায়তনে ‘দরিদ্র্য নিরসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনার আয়োজন করে। এছাড়া তারা দেশের ১৭ জন তরুণ সাংবাদিককে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করে।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- বার্তা সংস্থা বিডিনিউজ--এর আবু সুফিয়ান, দ্য ডেইলি স্টারের হাসান জাহিদ তুষার, বাংলাদেশ সংবাদ সংস্থার নুরুল কবীর ভূইয়া, নিউএজের আলফা আরজু, এটিএন বাংলার মুন্নী সাহা, এনটিভির ফাহমিদা মাহবুব, বিটিভির আহমেদ মুশফিকা নাজনীন, আরটিভির তুষার আব্দুল্লাহ, জনকণ্ঠের শংকর কুমার দে, দৈনিক যুগান্তরের শফিউল আলম রাজা, প্রথম আলোর কামরুল হাসান, বাংলা ভিশনের কিশোয়ার লায়লা, সংবাদের রোজিনা ইসলাম, ইত্তেফাকের আনোয়ার আল দীন, আমার দেশের শামসুস সালেহিন, চ্যানেল আইয়ের মাহবুব মতিন এবং দৈনিক ইনকিলাবের শামসুল ইসলাম।
উল্লেখ্য, গত পাঁচ বছরে ১১ জন সাংবাদিককে হত্যা, কর্তব্যরত অবস্থায় ৩৭ জনকে কারাগারে প্রেরণ এবং ২৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়। চলতি বছর দু’জন সাংবাদিককে হত্যা, ১৪০ জনকে আহত এবং ১৬৭ জনকে হুমকি প্রদান করা হয়।
