২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে টাটার জন্যে গ্যাসের দাম নির্ধারণ করতে এফবিসিসিআই’র আহ্বান

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) বুধবার বলেছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্যের সাথে সঙ্গতি রেখে টাটার প্রস্তাবিত বিনিয়োগের জন্যে গ্যাসের দাম নির্ধারণ করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

টাটা গ্রুপের সংশোধিত প্রস্তাব নিয়ে টাটার প্রতিনিধির সাথে বুধবার বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, বাজার মূল্য বিবেচনায় এনে পাঁচ থেকে ছয় বছর নিরাপত্তা কাল সময়ে টাটার প্রস্তাবিত প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাসের দাম গড়ে এক দশমিক পাঁচ মার্কিন ডলারকে অনেক কম মনে হয়। 

প্রতিবেশী ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা রোববার বাংলাদেশ সরকারকে সংশোধিত প্রস্তাব পেশ করে।

এফবিসিসিআই সভাপতি বলেন, টাটার তিন বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব সতর্কতার সাথে বিবেচনা করে সরকারের অগ্রসর হওয়া উচিত। যাতে করে প্রকল্প বাস্তবায়নের সময় দেশ উল্লেখযোগ্য কোনো কিছু না হারায়।

বাংলাদেশে টাটার আবাসিক পরিচালক মানজার হোসাইন এফবিসিসিআই সভাপতিকে তার অফিসে টাটার সংশোধিত প্রস্তাবের একটি কপি প্রদান করেন।

টাটা গ্র“প তার সংশোধিত প্রস্তাবে গ্যাসের উচ্চ মূল্য, প্রকল্পে সরকারকে শেয়ার প্রদানসহ বাংলাদেশকে বিভিন্ন প্যাকেজ প্রদানের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি তারা বাংলাদেশের সার, ইস্পাত, বিদ্যুত এবং ওপেন পিট কয়লা খনি প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্যে চলতি বছরের ৩১ জুলাই সময়সীমা বেঁধে দিয়েছে।

টাটা গ্র“প সার কারখানার জন্যে প্রতি হাজার ঘনফুট গ্যাসের মুল্য তিন দশমিক এক মার্কিন ডলার ও ইস্পাত কারখানার জন্য প্রতি হাজার ঘনফুট গ্যাসের মূল্য দুই দশমিক ছয় মার্কিন ডলার দাম প্রদানের প্রস্তাব দিয়েছে।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের বিষয়টি উল্লেখ করে নাসির হোসেন বলেন, টাটা তার সংশোধিত প্রস্তাবে গ্যাসের যে দাম দেওয়ার প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজার দরের তুলনায় অনেক কম।

তিনি বলেন, টাটা যদি মনে করে কর্ণফুলি সার কারখানা ও এশিয়া এনার্জিকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই একই সুবিধা তাদেরকে দেওয়া হবে, তাহলে আমরা দুঃখিত।

তিনি টাটার প্রকল্পের জন্যে গ্যাসের মজুদ ও নিরাপত্তার বিষয়ে আলোকপাত করে বলেন, সরকার টাটার কাছ থেকে কিভাবে কয়লা ক্রয় করবে সে বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, টাটার বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের জন্যে অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ। অন্যথায় বাংলাদেশকে কয়েকটি ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হতে পারে।

অবশ্য মানজার হোসাইন বলেছেন, অবকাঠামোগত সুযোগ সুবিধার উন্নয়ন ঘটাতে সরকার ব্যর্থ হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের দিকটি কেমন হবে সে ব্যাপারে সংশোধিত প্রস্তাবে কোনো ধারা নেই।

বৈঠকে এফবিসিসিআই সহসভাপতি মোহাম্মদ আলী ও দেওয়ান সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।