কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি, সিলেটে বিভিন্ন সংগঠনের মানব বন্ধন
সিলেট দ্রুত বিচার ট্রাইবনালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বুধবার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
মামলার পুনঃ তদন্তের জন্যে বাদি পক্ষের রিট আবেদনের প্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
বাদি পক্ষের রিটের শুনানি এবং এ সংক্রান্ত সিদ্ধান্তের পর আদালত সাক্ষ্য গ্রহণ করবেন।
এদিকে আওয়ামী লীগসহ সিলেটের বিভিন্ন সামাজিক - সাংস্কৃতিক সংগঠন বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ কিবরিয়া হত্যা মামলার চার্জশিট এবং বিচার প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে পুরো ঘটনার আর্ন্তজাতিক তদন্ত দাবি করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, দলের নগর কমিটির সভাপতি এবং সিলেট সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ন.ম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মানববন্ধনে অংশ নেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় কিবরিয়া হত্যাকাণ্ডের পর হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ুমসহ ১০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। ২০০৬ সালের ৭ ফেব্র“য়ারি মামলার চার্জ গঠন করা হয়। একই বছর ১৬ এপ্রিল মামলার পুনঃতদন্ত সংক্রান্ত আবেদন নামঞ্জুর হয়। এ সংক্রান্ত আপিল আবেদনও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে নাকচ হয়ে যায়। ১৯ মার্চ আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।
