২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটের নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে বিআইএইচআর ও বিআরসিটি

মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিক্টিমস (বিআরসিটি) কানসাট ট্রাজেডির ঘটনায় পুলিশি নির্যাতনের শিকার নারী - পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

কানসাটের নির্যাতিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এটাই প্রথম উদ্যোগ।

সূত্র জানায়, বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার কানসাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ‘মোবাইল ট্রিটমেন্ট ক্লিনিক’র আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ৯ টায় ক্লিনিকের কার্যক্রম শুরু হবে বলে বিআইএইচআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

ক্লিনিকে কানসাটে পুলিশি নির্যাতনের শিকার নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বিআইএইচআর ও বিআরসিটির উদ্যোগে ঢাকা থেকে আসা ডা. এস এ সাগর, সাইকো থেরাপিস্ট এ এস এম সাইফুল আনোয়ার, ফিজিও থেরাপিস্ট মোস্তফা জামান মিরাজ, রিজিওনাল কাউন্সিলর খান মো. রোস্তম আলী, সুপারভাইজার ইকবাল আহমেদ, বিআইএইচআর’র এরিয়া কো-অর্ডিনেটর ও টিএফটি রাজশাহীর কো-অর্ডিনেটর সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ ওই ক্লিনিক পরিচালনা করবেন।

বিআরসিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিআইএইচআর এর প্রতিষ্ঠাতা মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আকরাম হোসেন চৌধুরী কর্মসূচীর ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত থাকবেন।