ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে
সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা এবং নির্যাতনের প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বুধবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালিত হচ্ছে।
এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘তথ্য গণতন্ত্রের প্রাণ’।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব এক বাণীতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি সেসব দেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতার বিষয়টি বিশ্বব্যাপী প্রচারের জন্যই এই দিনটি পালন করা হয়। এই দিনটিতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের বাধা, সাংবাদিক হত্যা ও নির্যাতন, অবাধ তথ্য প্রবাহ ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হওয়ার ঘটনা মানুষের সামনে তুলে ধরা হয়।
গত পাঁচ বছরে ১১ জন সাংবাদিক হত্যা, কর্তব্যরত অবস্থায় ৩৭ জনকে কারাগারে প্রেরণ এবং ২৫০ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়।
চলতি বছর দুইজন সাংবাদিক হত্যা, ১৪০ জন আহত এবং ১৬৭ জনকে হুমকি প্রদান করা হয়।
ইউনেস্কো বিশ্বব্যাপী এই দিনটির কার্যক্রমের সমন্বয় করে।
এই দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম ও সংগঠন নানা কর্মসূচী পালন করছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা-সভা, সেমিনার এবং র্যালী।
ম্যাস লাইন মিডিয়া সেন্টার ‘আমরা জানবো, আমরা বাঁচবো’ শ্লোগানকে সামনে রেখে বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর এলজিআরডি মিলনায়তনে দুইদিন ব্যাপী সেমিনারের আয়োজন করেছে।
জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের ১৭ জন তরুণ সাংবাদিককে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে।
১৯৩৩ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন, মুক্ত ও বহুমুখী ধারণা সমৃদ্ধ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে মে মাসের ৩ তারিখকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ হিসেবে ঘোষণা করা হয়।
