কক্সবাজারে হোটেল কক্ষে জামায়াত নেতার রহস্যজনক মৃত্যু: জামায়াতের দাবী এটি পরিকল্পিত হত্যাকান্ড
কক্সবাজার শহরের কলাতলীর সমুদ্র সৈকত আবাসিক এলাকার শামীম গেস্ট হাউসে হোটেলে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নজির আহমদের (৩৭) রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। তবে কক্সবাজার জেলা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাতকানিয়া জামায়াতে ইসলামী এটিকে অপহরণ পূর্বক পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছে। কক্সবাজার থানা পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, মাওলানা নজির আহমদ সোমবার গভীর রাতে কক্সবাজার আসেন এবং শহরের কলাতলীর শামীম গেস্ট হাউসের ২ নম্বর কক্ষে উঠেন। তখন রাত আনুমানিক সাড়ে ১২টা। এসময় তার সাথে এক যুবক ছিল বলে জানা গেছে। তবে রহস্যজনক কারণে গেস্ট হাউসের রেজিস্টার খাতায় তার নাম পাওয়া যায়নি। ভোরের কোনো এক সময় যুবকটি রুমের দরজা অটোলক করে পালিয়ে যায়। রাতে ঘুমানোর পর দুপুর পর্যন্ত রুম বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ বেলা দেড়টায় পুলিশে খবর দিলে পুলিশ চাবি দিয়ে দরজা খুলে (অটোলক) লাশ উদ্ধার করে। পুলিশ দরজা খুলে দেখতে পায় একটি ফ্যামিলি বঙ্খাটে মাওলানা নজির নিথর হয়ে শুয়ে আছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তবে গলার একপাশে সামান্য কালো দাগ ছিলো। ধারণা করা হচ্ছে মাওলানা নজিরকে খাদ্যে বিষ প্রয়োগ করে অথবা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাতকানিয়া শাখার বরাত দিয়ে কক্সবাজার জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় এ নেতাকে অপহরণ পূর্বক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি জানান, নিহত মাওলানা নজির আহমদ একজন দক্ষ সংগঠক। তাই একটি পক্ষ পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে কক্সবাজারে এনে হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাতকানিয়া জামায়াত নেতাদের উদ্বৃতি দিয়ে কক্সবাজার জেলা আমীর আরো বলেন, গত সোমবার রাত ১০টা পর্যন্ত নিহত নজির আহমদ সাতকানিয়াতে ছিলেন। তিনি কক্সবাজারে আসবেন এমন কোনো খবর জামায়াত নেতারা জানতেন না।
অপরদিকে শামীম গেস্ট হাউসে টেলিফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন রিসিভ করেনি। পরে গেস্ট হাউসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, ওই গেস্ট হাউসে কোনো ম্যানেজার বা রিসেপসনিস্ট নেই। রেস্ট হাউসের মালিক মোহাম্মদ সেলিম হোটেল বয়দের দিয়ে গেস্ট হাউসটি চালান। এটির নিচতলায় রেস্ট হাউস আর দু’তলায় মালিক সেলিম বউ বাচ্চা নিয়ে থাকেন।
তবে জেলা জামায়াতের আমীর শাহজাহান জানিয়েছেন, জামায়াত নেতা নজির আহমদকে গেস্ট হাউসে তোলা হলেও তার নাম এন্ট্রি করা হয়েছে বিকৃতভাবে। তার সাথে আরো একজন ছিল। তার নামও বিকৃত করে এন্ট্রি করা হয়েছে। তবে নজির আহমদের লাশ উদ্ধার করা হলেও তার সঙ্গীর কোনো হদিস পাওয়া যায়নি।
কক্সবাজার থানার ওসি এনায়েত উদ্দিন বলেন, পুলিশের সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি এ ঘটনাকে হত্যাকান্ড কিনা বলতে পারেননি।
