২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের এনকাউন্টারে সন্ত্রাসী জটা নিহত, গুলিসহ বন্দুক উদ্ধার

রাজবাড়ীতে মঙ্গলবার দুপুরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে জটা বাহিনীর প্রধান সন্ত্রাসী জাকির হোসেন জটা (৩৫) নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি ও পাঁচ রাউন্ড গুলির খোসাসহ একটি বন্দুক উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, জটা মঙ্গলবার তার সহযোগীদের নিয়ে যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া গ্রামের মতলেব মিয়ার বাড়িতে অবস্থান নেয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটিকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এর এক পর্যায়ে সন্ত্রাসী জটা আখ ক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় দলের মধ্যে ২৫/৩০ রাউন্ড গুলি বিনিময় হয়।

সূত্র জানায়, জাকির হোসেন জটার বিরুদ্ধে আদালতে ছয়টি বিচারাধীন মামলাসহ থানায় প্রায় চারটি মামলা রয়েছে।

সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, খুন, অপহরণ ও ডাকাতি চালিয়ে আসছিলো। কিছুদিন আগে অপর এক বাহিনী প্রধান বুদোই মারা যাওয়ার পর জটা তার নিজের নামের বাহিনী গড়ে তোলে।