২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত, ডিজেল সংকটের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়ী করেছে বিজিএমই

দেশের চলমান বিদ্যুত ও ডিজেল সংকটের জন্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়ী করে পোশাক শিল্পের নেতৃবৃন্দ মঙ্গলবার বলেছেন, জ্বালানি তেল ও বিদ্যুতের সহজলভ্যতা দাবি করে তারা যা বলেছেন, প্রকৃত বাস্তবতা থেকে তা অনেক দুরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বিদ্যুত ও ডিজেল সংকটের ফলে দেশের পোশাক কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেননা, লোডশেডিংয়ের সময় জেনারেটর দিয়ে কারখানার কার্যক্রম সচল রাখতে না পেরে প্রতিদিন কয়েক ঘন্টার জন্যে কারখানা বন্ধ রাখতে হয়।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাম্প্রতিক মন্তব্যের উল্লেখ করে বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী সাংবাদিক সম্মেলনে বলেন, মন্ত্রীদের দাবি এবং দেশের জ্বালানি ও বিদ্যুত খাতের প্রকৃত অবস্থার মধ্যে কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, বিদ্যুত ও ডিজেল সংকটের কারণে পোশাক খাতের উৎপাদন ৫০ শতাংশের বেশি কমে যেতে পাারে। নির্ধারিত সময়ে ক্রেতাদের পণ্য সরবরাহ যাতে নিশ্চিত করা যায়, সে জন্যে ৯০ শতাংশ রপ্তানিমুখী পোশাক কারখানাকে বিদ্যুত বিভ্রাটের সময় জেনারেটর চালানোর জন্যে ডিজেল কিনতে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়।

কন্টেইনার ব্যবহার করে ডিজেল সরবরাহের ওপর সম্প্রতি আরোপিত কড়াকড়ির উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, এটি পোশাক কারখানার ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। আর এ কারণে বিদ্যুত বিভ্রাটের সময় কারখানা পরিচালনার জন্যে তারা জেনারেটর চালাতে পারেননি বলে তিনি জানান।

জ্বালানি তেল পাচার সংক্রান্ত জ্বালানি উপদেষ্টার মন্তব্যের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে টিপু মুন্সী বলেন, এটি বিশ্বাস করা কঠিন যে রপ্তানিকারকরা পাঁচ থেকে ১০ লিটার তেল ভারতে পাচার করেন।

বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, জ্বালানিমন্ত্রী বিদ্যুতের বিল পরিশোধে ব্যর্থ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রে সফল হলেও কারখানা চালাতে পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

প্রতিদিন পোশাক কারখানায় মাত্র ১০ ঘন্টার পণ্য উৎপাদন সময়ের উল্লেখ করে টিপু মুন্সী বলেন, নিয়মিত বিদ্যুত বিভ্রাটের কারণে কারখানার উৎপাদনের কাজ প্রতিদিন গড়ে পাঁচ ঘন্টা বন্ধ রাখতে হয়।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক, সহসভাপতি শাহাদত হোসেন চৌধুরী, শহীদুল হক সিকদার লিটু ও পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

আনিসুল হক বলেন, ২৪ থেকে ৩০ এপ্রিল রূপগঞ্জ ও জয়দেবপুরে যথাক্রমে ৩৪ থেকে ২৪ ঘন্টা বিদ্যুত বিভ্রাট ছিল। এরকম দুর্যোগের মধ্য দিয়েই আমাদের চলতে হচ্ছে।

বিজিএমইএ নেতৃবৃন্দ গত সপ্তাহে জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে এক বৈঠকে তাকে জানান, বিদ্যুত বিভ্রাটের কারণে পোশাক খাতের উৎপাদন ৩০ শতাংশ কমে গেছে।    

আব্দুস সালাম মুর্শেদী বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে রপ্তানিকারকদের এখন উল্লেখযোগ্য খরচে আকাশপথে পণ্য ক্রেতাদের কাছে পৌঁছাতে হবে। এভাবে চলতে থাকলে পোশাক শিল্প ব্যাপক লোকসানের সম্মুখীন হবে বলে তিনি জানান।

বিজিএমইএ’র নেতৃবৃন্দ লোডশেডিংয়ের ব্যাপারে আগেভাগে তথ্য প্রদানের দাবি জানান। এর ফলে কারখানাগুলো তাদের উৎপাদনের সময় নির্ধারণ করে নিতে পারবে বলে তারা বলেন।

এদিকে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) মধ্যকার মঙ্গলবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পে জেনারেটর পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহের ব্যবস্থা করার নিশ্চয়তা প্রদান করেন।

বৈঠকে বিকেএমইএ সভাপতি ফজলুল হক বিকেএমইএ দলের নেতৃত্ব দেন। জেনারেটর চালানোর জন্যে কোনো সদস্য কারখানা ডিজেল না পেলে সেক্ষেত্রে সমিতির সাথে দেখা করতে বিকেএমইএ ইতোমধ্যে তার সদস্যদেরকে বলেছে।