ঢাবি'র বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ৮ মাসেও দেওয়া হয়নি, ভিসিকে শিক্ষার্থীদের স্মারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রায় আট মাসেও দেওয়া হয়নি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য এসএমএ ফায়েজের কাছে ফলাফল প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করে। শিক্ষার্থীরা স্মারকলিপিতে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এসএম লুৎফর রহমানকে পরীক্ষা কমিটি থেকে বাতিলের দাবি জানায়।
এর আগে ২৯ এপ্রিল বিভাগের একাডেমিক সভায় শিগগিরই এই ফলাফল প্রকাশের তাগাদা দেওয়া হয়।
এদিকে ভূক্তভোগী শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, আট মাস পরেও তাদের ফলাফল প্রকাশ করা না হলেও অন্যান্য বিভাগের তৃতীয় বর্ষ সমাপনী পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে।
তারা আরো জানান, পরীক্ষার ফলাফল প্রকাশ না করায় তারা মানোন্নয়ন পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না।
বিভাগীয় সূত্র জানায়, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর এবং পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এসএম লুৎফর রহমান উভয়ই টেবুলেশন শীটে নম্বর তোলায় আগ্রহী। এ কারণে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণায় বিলম্ব হচ্ছে।
এছাড়া একই বর্ষের ইতিহাস বিভাগের সমাপনী পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।
