২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইবুনালের স্পেশাল পিপির বিরুদ্ধে বার কাউন্সিলে মামলা

পেশাগত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার ট্রাইবুনালের স্পেশাল পিপি মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে বার কাউন্সিলে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নগরীর সবুজবাগ এলাকার মোবারক আলী তসু হত্যা মামলায় অভিযুক্ত চিত্তরঞ্জন দাসের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে স্পেশাল পিপি মোঃ আমিনুল ইসলামকে বিবাদী করে এ মামলা করা হয়। মামলার সমর্থনে বাদী চিত্তরঞ্জন মঙ্গলবার বার কাউন্সিলে হাজির হয়ে এফিডেভিট দায়ের করেছেন। মামলার পরবর্তী কার্যক্রমের জন্যে আগামী ৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে তসু হত্যা মামলায় অভিযুক্ত চিত্তরঞ্জন দাস, হারাধন দাস এবং আনন্দ মণ্ডল ওই দ্রুত বিচার ট্রাইবুনালে ন্যায় বিচার পাবে না বলে মামলাটি অপর যে কোনো আদালতে বদলীর জন্যে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলাটির বিচারকাজ তিন মাস স্থগিত রাখার নির্দেশ দেন বলে সূত্র জানায়।