চিকিৎসা সেবা দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে
চিকিৎসকদের জাতীয় সম্মেলনে বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, দেশের চিকিৎসা সেবা ক্রমশই দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
ডক্টরস ফর হেল্থ এন্ড এনভায়রনমেন্টের চতুর্থ জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী বক্তব্যে সোমবার তিনি বলেন, চিকিৎসা একটি মহৎ সেবা হলেও বাজার অর্থনীতির কারণে এই সেবাখাতটি দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভবিষ্যতের জন্যে যা খুবই একটি ভয়াবহ দিক।
ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে সংগঠনের সভাপতি ও বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ - ই - মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুজাহিদুল ইসলাম সেলিম, ডা. সুভাগত চৌধুরী, ডা. নাজমুন্নাহার, ড. এবিএম ফারুক ও ড. শাকিল আখতার।
সম্মেলন শেষে ডাক্তার রশিদ - ই - মাহবুবকে সভাপতি ও ডা. শাকিল আখতারকে সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত করে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
