২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপুষ্টি আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশ দক্ষিণ এশিয়ার, বাংলাদেশে এ হার প্রায় ৪৮ শতাংশ: ইউনিসেফ রিপোর্ট

বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ৫৬ লাখ শিশু অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর ২৬ শতাংশ শিশুই অপুষ্টিজনিত কারণে কম ওজন সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

অপুষ্টি আক্রান্ত শিশুদের প্রায় ৪৬ শতাংশই দক্ষিণ এশিয়ার। বাংলাদেশে শিশুদের অপুষ্টিজনিত রোগে আক্রান্তের হার বর্তমানে প্রায় ৪৮ শতাংশ। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

ঢাকায় মঙ্গলবার জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ‘শিশুদের জন্য অগ্রগতি : পুষ্টিজনিত প্রতিবেদন’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সামনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি কর্মসূচির প্রধান ড. হ্যারিয়েট টারলেট।এ সময় ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি লুই জর্জ আরসেনো উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে যেসকল কারণে শিশু মৃত্যু হয় সেসব কারণগুলোর মধ্যে শিশুমৃত্যু অন্যতম। ওইসব কারণগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি শিশু অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে।

রিপোর্টে বলা হয়, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) প্রথম পর্যায়ে ১৯৯০ সাল থেকে কাজ শুরুর পর গত ১৫ বছরে বাংলাদেশ শিশু মৃত্যুর ব্যাপারে বেশ অগ্রগতি অর্জন করেছে। এ কারণে বর্তমানে শিশুদের অপুষ্টিতে আক্রান্তের হার বর্তমানে ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। ১৯৯০ সালে এ হার ছিল ৬৬ শতাংশ।

এ অগ্রগতি অব্যাহত থাকলে আগামী ২০১৫ সালের মধ্যে শিশুদের অপুষ্টিতে আক্রান্তের হার ৩৩ শতাংশে নেমে আসবে। তবে আরো দ্রুত অগ্রগতির জন্যে নতুন নতুন কৌশল নিয়ে কাজ করতে হবে।

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের ৩৬ শতাংশ শিশুই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। এ হার বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি। গর্ভবতী মায়েদের অপুষ্টিজনিত রোগ ও রুগ্ন স্বাস্থ্যের মায়েদের কারণে এ সমস্যা প্রকট।

পাঁচ বছরের কম বয়সী শিশু ও গর্ভবর্তী মায়েদের এক তৃতীয়াংশই রক্তশুণ্যতায় ভূগছে।

এতে আরো বলা হয়, রাতকানা রোগও পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যে একটি বড় সমস্যা। এর মাত্রা এক শতাংশের ওপর উঠলে সাধারণ সমস্যা হিসেবে চিহ্নিত হতো। কিন্তু বাংলাদেশে এর মাত্রা দশমিক ০৭- এ আটকে রাখা হয়েছে।

শিশুদের আয়োডিন ঘাটতিজনিত সমস্যার সমাধানেও ব্যাপক উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এক দশকে শিশুদের আয়োডিনের ঘাটতি অর্ধেকে নেমে বর্তমানে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। যা আগে ছিল ৭১ শতাংশ। দেশের খাবার লবনের প্রায় ৭০ শতাংশই আয়োডিনযুক্ত হওয়ায় এ সমস্যার উন্নতি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর হার বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। এর হার আর বাড়াতে হবে বলেও বলা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, এসব রোগের চিকিৎসা খাতে বাংলাদেশের অভ্যন্তরীণ জাতীয় উৎপাদনের সাত দশমিক ৯০ শতাংশ ব্যয় হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুই জর্জ আরসেনো জানান, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে অপুষ্টিজনিত রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মানসম্মত খাবার না পেয়ে এসব এলাকার শিশুরা অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, মূলত বাংলাদেশের বস্তি এলাকার শিশুরাই অপুষ্টিতে আক্রান্ত।