২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত কমপক্ষে ৫০

সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ী ও দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পৌর এলাকার সদর পুলিশ স্টেশন সংলগ্ন দিয়ারধানগড়া এবং থানা সড়কের ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে বিরোধ চলছিলো। ইতোপূর্বে কয়েক দফা সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আগের বিরোধের জের ধরে সোমবার সকাল থেকেই দুই মহল্লার সহস্রাধিক নারী--পুরুষ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এসময় গুলি, বোমা ও ইট--পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলেও কোনো লাভ হয়নি। সংঘর্ষ চলাকালে দমকল বাহিনীর একটি গাড়িসহ ২০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। এছাড়া আরো ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।