পাবনায় ক্রসফায়ারে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা নিহত
পাবনার আতাইকুলা উপজেলার তাজিয়াপাড়া গ্রামে সোমবার ভোরে র্যাবের সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়কালে ক্রসফায়ারে পড়ে চরমপন্থী দলের এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।
নিহত জামাল হোসেন ওরফে জিয়া ওরফে রঞ্জু (২৬) নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (লাল পতাকা) পাবনা অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড। সে আতাইকুলা উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়াম উদ্দিন ওরফে আবু শেখের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জামালকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার ও সহযোগিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।
তার দেয়া তথ্য অনুযায়ী র্যাবের একটি দল সোমবার ভোরে জামালকে নিয়ে আতাইকুলার লক্ষ্মিপুর ইউনিয়নের তাজিয়ারপাড়া গ্রামে যায়। তাজিয়ারপাড়ায় পৌঁছানোর পর আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও এসময় পাল্টা গুলি চালায়।
গুলিবিনিময় চলাকালে জামাল র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা কালে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয়। পরে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশি শাটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।
নিহত জামালের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে বলে র্যাব জানায়।
