২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঐতিহাসিক মহান মে দিবস

সোমবার ঐতিহাসিক মহান মে দিবস। দিনটিকে আন্তর্জাতিক শ্রম দিবসও বলা হয়। শ্রমিকদের আইনী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতকরণের আহবানের মধ্য দিয়ে এবার দিবসটি সকল রাজনৈতিক দল, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং মানবাধিকার সংস্থা সারাদেশে সোমবার পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মে দিবস মূলত বিশ্বের সকল শ্রমিকদের দিবস। এবারের শ্রম দিবস পৃথিবীর যে সব দেশে এখনো পর্যন্ত শ্রমিকদের  আইনী অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হয়নি তার ওপর গুরুত্বারোপ করছে।

বাংলাদেশের জন্যেও দিবসটি খুব তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের গার্মেন্টেস্ এ নিরাপত্তা না থাকায় বিপুল সংখ্যক শ্রমিক প্রতি বছর মৃত্যু বরণ করে। শুধু মৃত্যুই নয় এসব কারখানায় ন্যুনতম মজুরিও নিশ্চিত করা হয় না। এখানে তাদের স্বাস্থ্য সেবা চুড়ান্তভাবে অবহেলিত।

মহান মে দিবস শ্রমিকদের এই মৌলিক অধিকারগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্যে আহবান জানায়।

দিবসটি আমাদের একথা স্মরণ করে দেয় সেই ১৮৮৬ সালের মে মাসের সেই উত্তাল দিনগুলোর কথা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে কারখানার শ্রমিকরা ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু কারখানার মালিকরা তাদের সে দাবিসমূহ মানেনি। বরং পরিণামে অনেক শ্রমিকের জীবনে নেমে আসে নির্মম মৃত্যু।

বাংলাদেশে দিবসটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বের সকল শ্রমিক সকলের সাথে এই দিনে একাত্মতা ঘোষণা করে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংস্থাও নানা ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, শ্রমিকদের বর্ণাঢ্য মিছিল, নাটক আয়োজনসহ অন্যান্য কর্মকান্ড। এসব কর্মসূচিতে শ্রমিকদের চাকরির নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হবে।

মহান মে’ দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদে বিরোধী দলীয় নেত্রী বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদ বলেছেন, মে দিবস হচ্ছে শিল্পকারখানার শ্রমিকদের অনুপ্রেরণার উৎসস্থল। শ্রমিকদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাণিতে বিভিন্ন দেশে যে সব শ্রমিকরা তাদের অধিকার রক্ষায় জীবন দিয়েছেন তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বাণিতে সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার আদমজী জুট মিল বন্ধ করে দিয়ে শ্রমিকদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। তিনি আরও বলেন, তাদের ন্যয্য পাওনা এখনো পর্যন্ত পরিশোধ করেনি সরকার। সরকার একের পর এক শিল্প কারখানা বন্ধ করে দিচ্ছে।

দিবসটি উপলক্ষে যে সব সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সেগুলো হচ্ছে-- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের সমাজ তান্ত্রিক দল, জাতীয গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গণসংস্কৃতি ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পথ নাটক পরিষদ, গণসংহতি আন্দোলন, গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন, আরণ্যক নাট্য দল, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অ্যাপারেলস ওয়ার্কার্স ফেডারেশন প্রভৃতি।