পটুয়াখালীতে কলেজ ছাত্রী ধর্ষন ও হত্যা: ৩ আসামীর দুদফায় ফাঁসির আদেশ
পটুয়াখালীর দশমিনা আব্দুর রশিদ তালুকদার কলেজের ছাত্রী তানিয়া ধর্ষন হত্যা মামলার রায়ে সিরাজ খলিফা, জাফর গাজী এবং নূর আলমের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় দুদফায় মৃত্যু দ-াদেশ হয়েছে।
আদালত তার রায়ে উল্লেখ করেন, দুদফায় মৃত্যু দ-াদেশ (ফাঁসি) একই সাথে কার্যকর হবে। বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন রোববার জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
২০০৫ সালের ২০ সেপ্টেম্বর কলেজ ছাত্রী তানিয়া (১৫) তার মামার বাড়ী দশমিনা উপজেলার গাছানি থেকে প্রাইভেট পড়ার জন্য রওয়ানা দিলে পথিমধ্যে আসামীরা তাকে অপহরণ করে দশমিনা হাইস্কুলের পাশে নিয়ে ধর্ষন করে। পরে আসামীরা অচেতন তানিয়াকে পাশ্ববর্তী খালে ডুবিয়ে হত্যা করে।
ঘটনার পর ২৩ সেপ্টেম্বর পুলিশ চর হোসনাবাদ খাল থেকে তানিয়ার লাশ উদ্ধার করে। দুদিন পর তানিয়ার মামা তার লাশ সনাক্ত করে দশমিনা থানায় মিরাজকে আসামী করে মামলা দায়ের করেন।
মিরাজের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দী অনুযায়ী দশমিনা থানা পুলিশ তার অপর দুসহযোগী আবু জাফর ও নূর আলমকে গ্রেফতার করলে তারা ধর্ষনের কথা স্বীকার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ এবং সামসুল আলম ৩১ অক্টোবর ৩ আসামীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
চলতি বছরের ১২ এপ্রিল মামলাটির বিচারকার্য বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়। মাত্র ১০ কার্য দিবসে ৩৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনালের বিচারক এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে পিপি মুজিবুর রহমান নান্টু এবং আসামী পক্ষে অ্যাডভোকেট এনায়েত পীর খান ও মোখলেছুর রহমান মামলা পরিচালনা করেন।
