ব্রিটেনের ৫৭ শতাংশ বাংলাদেশী, পাকিস্তানি শিশু দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ব্রিটেনে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানি সম্প্রদায়ের ৫৭ শতাংশ শিশু এখনো দারিদ্র্যের মধ্যেই বসবাস করে।
আর এ ক্ষেত্রে ভারতীয়দের অবস্থা একটু ভালো। ভারতীয় সম্প্রদায়ের ৩৩ শতাংশ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করে বলে ওই জরিপে বলা হয়েছে।
২০১০ সালের মধ্যে শিশু দরিদ্রতা অর্ধেক কমিয়ে আনতে ও ২০২০ সালের মধ্যে তা পুরোপুরি নির্মূল করতে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিশ্রুতি সত্ত্বেও শিশু দারিদ্র্য আগের স্তরেই রয়ে গেছে।
জরিপ অনুযায়ী, ব্রিটেনে মোট দরিদ্র শিশুর সংখ্যা ২৭ শতাংশ। পরিস্থিতির উন্নতি ঘটাতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়া না গেলে পরিস্থিতি অপরিবর্তিতই থেকে যাবে।
বামপন্থি ফ্যাবিয়ান সোসাইটি পরিচালিত ‘ন্যারোয়িং দ্য গ্যাপ’ টাইটেলের জরিপে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্রিটিশ অর্থমন্ত্রী ও ভাবী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফ্যাবিয়ান সোসাইটির সাধারণ সম্পাদক সুন্দর কাতওয়ালা বলেন, এ ব্যাপারে মিস্টার ব্রাউন বেশ কয়েকটি জোরালো বক্তব্য দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পূর্ব পর্যন্ত তিনি অপেক্ষা করতে পারেন না। কারণ, এখনই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শিশু দারিদ্রতার ওপর দুই বছর পর্যালোচনা চালিয়ে আমাদের প্রতিবেদন তৈরি করা হয়েছে। সামাজিক ন্যায়বিচারের দল হিসেবে লেবার পার্টির যে ভাবর্মূতি রয়েছে, তা অব্যাহত রাখতে অর্থমন্ত্রীকে এ দিকটায় নজর দিতে হবে।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানি সম্প্রদায়ের শিশুদের মধ্যে দারিদ্রতার হার কেন এতো বেশি সে সম্পর্কে প্রশ্ন করা হলে কাতওয়ালা বলেন, সামাজিক শ্রেণী, দক্ষতার অভাব, বেকারত্বের হার, সাম্প্রদায়িত অসুবিধাসহ নানা কারণে জটিল এ বিষয়টি দেখা দিয়েছে।
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য মোহাম্মদ সারওয়ার বলেন, এশীয়দের মধ্যে দারিদ্রতার হার অগ্রহণযোগ্য স্তরে রয়েছে। সমাজে যে অসমতাই বিরাজ করুক না কেন, সম্পদের ক্ষেত্রে প্রতিটি শিশুর একই ধরনের অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আর নিজেদের শিশুদের শিক্ষিত করার মূল্যটি এশীয় পিতামাতাদের অনুধাবন করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
শিশুদের দারিদ্রতা নির্মূলে কাজ করা ৪৫টি বিভিন্ন গ্রুপের সংগঠন ‘এন্ড চাইল্ড পোর্ভাটি ক্যাম্পেইনের’ মতে, ব্রিটেনের সাড়ে ৩৫ লাখ শিশু এখনো দারিদ্রতার মধ্যে বাস করে।
ক্যাম্পেইনের চেয়ার এস ক্যারোলিন আব্রাহামস বলেন, বাংলাদেশী ও পাকিস্তানি সম্প্রদায়কে আরো বেশি নির্দিষ্ট সহায়তা দেওয়া প্রয়োজনীয়তার ব্যাপারটি স্পষ্ট।
