নিয়ম লঙ্গন করে ডেসার ১৯ কর্মকর্তাকে উপ--সহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত
ঢাকা বিদ্যুত বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) সরকারি নিয়ম লঙ্গন করে উপ - সহকারী প্রকৌশলী থেকে ১৯ জন কর্মকর্তাকে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত মামলা চলাকালে ডেসায় ৩০০ ডিপ্লোমা প্রকৌশলীদের থেকে জুনিয়র ১৯ জন উপ - সহকারী প্রকৌশলীকে কোনো সার্কুলার ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডেসার ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতিকে পদোন্নতি দেওয়ার জন্যে তড়িঘড়ি করে তার সাথে আরো ১৮ কর্মকর্তাকে মোটা অংকের টাকার বিনিময়ে ওই পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ডেসার চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, নিয়োগের ব্যাপারে দরখাস্ত পাওয়া গেছে । তবে সরকারি নিয়োগ বিধি অনুসারণ করেই নিয়োগ দেওয়া হবে।
সরকারি নিয়োগ বিধি মোতাবেক প্রথম শ্রেণীর কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জ্যেষ্ঠতার ভিক্তিতে কর্মরত অধঃস্তন কর্মকর্তাদের মধ্য থেকে কোঠাভিক্তিক পদোন্নতির মাধ্যমে নিয়োগ বিধান রয়েছে।
এদিকে ডেসায় নিয়োগের বিষয়কে কেন্দ্র করে পদোন্নতির অপেক্ষায় থাকা সিনিয়র কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
পদোন্নতির অপেক্ষায় থাকা ১৭০ জন ডিপ্লোমা প্রকৌশলী রয়েছেন যাদের চাকরির বয়স ২৪ বছরেরও বেশি।
