গত ২৬ মাসে বিভিন্ন হামলায় ৪৮ ইউপি প্রতিনিধি নিহত, আহত ১২২; ডেমোক্র্যাসি ওয়াচের প্রতিবেদন
সারাদেশে গত ২৬ মাসে বিভিন্ন হামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ৪৮ ইউপি প্রতিনিধি নিহত ও আরো ১২২ জন আহত হয়েছে।
বেসরকারি মানবাধিকার সংস্থা ডেমোক্র্যাসি ওয়াচের শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০০৪ সালের জানুয়ারি থেকে ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত ইউনিয়ন পরিষদ সংক্রান্ত তথ্যসমূহ পর্যবেক্ষণ করে এবং ওইসব তথ্যসমূহের ওপর ভিত্তি করে ডেমোক্র্যাসি ওয়াচের জনগণের দরবার প্রকল্পের মিডিয়া ওয়াচ সেল এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ মাসে সন্ত্রাসী হামলা, পারিবারিক কোন্দল এবং বিভিন্ন ঘটনার দায়ে ৪৮ জন ইউপি প্রতিনিধি নিহত ও ১২২ জন আহত হয়েছে। এদের মধ্যে ২০০৪ সালে নয়জন ইউপি চেয়ারম্যান এবং ২৩ জন ইউপি সদস্য নিহত হয়। ২০০৫ সালে পাঁচজন ইউপি চেয়ারম্যান ও নয়জন ইউপি সদস্য নিহত হয়েছে। ২০০৬ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে একজন ইউপি চেয়ারম্যান এবং একজন ইউপি সদস্য নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে ২৫ জন চেয়ারম্যান ও ৪৭ জন ইউপি সদস্য আহত হয়েছে। ২০০৫ সালে ১৫ জন চেয়ারম্যান ও ২৯ জন ইউপি সদস্য এবং ২০০৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চারজন ইউপি চেয়ারম্যান ও দুইজন ইউপি সদস্য আহত হয়েছে।
এতে বলা হয়, পর্যবেক্ষণকালীন সময়ে ২৩৯ ইউপি চেয়ারম্যান ও ৯৪ জন ইউপি সদস্য বিভিন্ন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে। এ সময়ে আটজন চেয়ারম্যান ও ১০ জন ইউপি সদস্য ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছে।
এছাড়া উল্লেখিত সময়ে বিভিন্ন ঘটনার দায়ে ৮০ জন চেয়ারম্যান ও ৫৪ জন ইউপি সদস্য গ্রেপ্তার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
