জলিলের চিঠির উত্তরে মান্নান ভূঁইয়া: চারদলের সব শরীকের প্রতিনিধিত্ব আলোচনায় রাখার প্রস্তাব
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনার জন্য জামায়াতসহ চার দলীয় জোটের সকল শরীকের প্রতিনিধিত্ব রাখার জন্য বিএনপির পক্ষ থেকে বিরোধী দলের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে শুক্রবার দেওয়া তৃতীয় জবাবী চিঠিতে এ প্রস্তাব দেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, ১৪ দলের দাবির মুখেও ’স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী’ জামায়াতের প্রতিনিধিকে প্রস্তাবিত কমিটিতে রাখায় আলোচনার উদ্যোগ কার্যত: অনিশ্চিত হয়ে পড়লো।
তবে এ বিষয়ে ১৪ দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিরোধী দলকে দেওয়া চিঠির বিষয়ে সাংবাদিকদের বলেন, আমরা আমাদের প্রতিনিধির নাম দিয়েছি। আশা করি, প্রস্তাবিত কমিটি গঠন করার পর নেতৃবৃন্দ আলোচনা করে আগামী নির্বাচনের ব্যাপারে একটি সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছাবেন। ওই সিদ্ধান্তের মাধ্যমে আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব হবে।
মান্নান ভূঁইয়ার দেওয়া চতুর্থ চিঠিতে যে পাঁচজন প্রতিনিধির নাম দেওয়া হয়েছে, তারা হচ্ছেন: স্বাস্থ্য মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এমপি এবং বিজেপির একাংশের মহাসচিব সাইফুর রহমান।
বিএনপি মহাসচিব তার দেওয়া চিঠির শুরুতেই আরোগ্য লাভ করে দেশে ফিরে আসায় আব্দুল জলিলকে স্বাগত: জানানঅ তিনি তার দীর্ঘায়ু কামনা করেন।
তিনি চিঠিতে উল্লেখ করেন, পত্রালাপের ইতি টানতে অনুষ্ঠেয় আলোচনার জন্য পাঁচজন সম্মানিত নেতার নাম অবহিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কমিটিতে যাদের নাম অন্তর্ভূক্ত করেছেন, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, দুক্ষের ১০ জন সদস্যের সমন্বয়ে প্রস্তাবিত কমিটি গঠন করার পর আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য মিমাংসায় উপনীত হওয়া যাবে।
এতে আরো বলা হয়, উভয় পক্ষের মধ্যে আলোচনার বিষয়বস্তু জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য গত চিঠিতে আমি যে প্রস্তাব করেছি, আপনারা তার সঙ্গে ঐকমত্য পোষণ করায় বিষয়টিকে আমরা ইতিবাচক ও আশাব্যাঞ্জক হিসেবে দেখছি।
তিনি গত চিঠির পুনরুল্লেখ করে বলেন, আপনাদের পক্ষ থেকে কারা আলোচনায় অংশ নেবেন, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য ছিল না, এখনো নেই। আমাদের পক্ষ থেকে যারা অংশ নেবেন, তাঁদের সম্পর্কেও আপনাদের মতামত চাপিয়ে দেওয়া সমীচিন হবে না। ফলপ্রসু আলোচনার বৃহত্তর স্বার্থে শর্তহীনভাবে খোলামন নিয়ে আলোচনা করবো, এটাই আমাদের প্রত্যাশা।
বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও সহ প্রচার সম্পাদক আহমেদ মুসা শুক্রবার বিকেল পাঁচটায় দলীয় মহাসচিবের পক্ষে চিঠি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাস ভবনে যান।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের সেখানে তাদের অভ্যর্থনা জানান। এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও উপস্থিত ছিলেন। সেখানে তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
পরে দুই নেতা আব্দুল জলিলের কাছে তাদের চিঠি হস্তান্তর করেন।
তাৎক্ষণিক প্রতিক্রয়ায় আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, চিঠির ব্যাপারে এখন কিছুই বলা যাবে না। ১৪ দলের সভায় শনিবার সকাল ১১টায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানানো হবে চিঠির ব্যাপারে আমাদের বক্তব্য।
তিনি চিঠির জবাব দেওয়ার জন্য বিএনপির নেতা মান্নান ভূঁইয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা চাই আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এজন্য আমরা আন্দোলন করছি। আশা করি উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধানে আসতে পারবো।
চিঠি দেওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মান্নান ভূইয়া বলেন, আলোচনা শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই এ চিঠির মাধ্যমে কোনো অনিশ্চয়তা সৃষ্টির সুযোগ নেই।
তিনি বলেন, আমরা একটি জোটের প্রতিনিধিত্ব করছি। তাই আলোচনায় আমরা চারদলের শরীকদের প্রতিনিধিত্ব রেখেছি। কমিটি তো কোনো সিদ্ধান্ত নেবে না। কমিটি আলোচনা করে উভয় জোটের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। তাই এ কমিটিতে সকল শরীকের দায়িত্বশীল প্রতিনিধি রাখা হয়েছে। তারাই আলোচনার জন্য যথেষ্ট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আলোচনায় অনিশ্চয়তার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ১৪ দল যদি এ প্রতিনিধির তালিকা গ্রহণ না করে, তবে আমরা তাদের আবারো অনুরোধ জানাবো।
