শেখ হাসিনার সাথে বিউটেনিসের সাক্ষাত: নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার আশাবাদ
ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস আশা প্রকাশ করেছেন যে, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করতে সরকার তদন্ত কাজ অব্যহত রাখবে।
শেখ হাসিনার সাথে শুক্রবার দুপুরে তার বাসভবন সুধা সদনে দেখা করার পর বিউটেনিস এ মন্তব্য করেন।
এছাড়াও তিনি বিট্রিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বড় ধরনের হামলা এবং সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া হত্যাকান্ডের তদন্ত কাজ অব্যহত থাকার এবং বিচারের মাধ্যমে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশা প্রকাশ করেন।
শেখ হাসিনার সাথে প্রায় দেড় ঘন্টাব্যাপী বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ আসন্ন নির্বাচন বিষয়ে আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে এবং সকলের অংশগ্রহণে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করছি’।
তিনি বলেন, রাজনৈতিক সংঘাত এবং জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র শীর্ষ নেতাদের গ্রেপ্তারের বিষয়েও তিনি কথা বলেছেন।
পরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বিফ্রিংকালে বলেন, তাদের মধ্যে জঙ্গিবাদ, দূর্নীতি ও নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং এটা পরিস্কার করা হয়েছে যে, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সংস্কারের বিকল্প নেই।
তিনি বলেন, ‘আমরা তাকে এমন পরিবেশের কথা বলেছি যেখানে জনগণ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে’।
শেখ হাসিনার উপর ২১ আগস্ট সন্ত্রাসী হামলা, কিবরিয়া এবং বিট্রিশ হাইকমিশনারের বিষয়ে সাবের বলেন, ‘যদি সরকারের সন্ত্রাস প্রতিরোধের দক্ষতা ও সক্ষমতা থেকে থাকে, তাহলে ২১ আগস্ট ঘটনায় জড়িতরা কিভাবে এখনো মুক্ত রয়েছে’।
তিনি বলেন, ‘ ওই ঘটনার সাথে সরকারের সংশ্লিষ্টতা রয়েছে, যে কারণে তারা এ বিষয়ে নিরব রয়েছে’।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
