ঢাবি’র অধ্যাপক এএসএম আব্দুল্লাহর ইন্তেকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এএসএম আবদুল্লাহ জটিল কিডনী রোগে আক্রান্ত হয়ে বৃৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
অধ্যাপক অব্দুল্লাহ ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং বহু আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আব্দুল্লাহ ১৯৭৩ সালে নটরডেম কলেজে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ওই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে একই বিভাগের সহকারী অধ্যাপক,সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৫ সালের ১ নভেম্বর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল ছিলেন।
বৃহস্পতিবার বাদ আছর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সোমবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫/বি ফুলার রোডের বাসভবনে তার কুলখানি অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, উপ--উপাচার্য আফম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সিরাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
