ঘূর্ণিঝড় “মালা” ধীরে অগ্রসর হচ্ছে
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত “মালা” ঘূর্ণিঝড়টি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১১৮০ কিঃমিঃ দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৯৫ কিঃমিঃ দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্র বন্দর থেকে ১১৫০ কিঃমিঃ দক্ষিণে অবস্থান করছিল ।
এটি আরও জোরদার হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃমিঃ এর মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৬৫ কিঃমিঃ যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৫ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকবে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর সমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
