কক্সবাজারে বিদ্যুতের দাবিতে জনতার বিদ্যুত অফিস ঘেরাও
কক্সবাজারে লোডশেডিং থেকে মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বিকেলে সরকার দলীয় দুই পৌর কমিশনারের নেতৃত্বে সাধারণ জনতা ও ব্যবসায়ীরা স্থানীয় বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচি পালন করে।
সূত্র জানায়, কক্সবাজার শহরের ৫নং ওয়ার্ডের বার্মিজ মার্কেটসহ অধিকাংশ এলাকায় এক সপ্তাহ থেকে একটানা বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। ফলে বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দক্ষিণ টেকপাড়া, বইল্লা পাড়ার বাসিন্দারাও ক্ষুব্ধ হয়ে উঠে। এক সপ্তাহ আগে কালুর দোকান এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গেলে, এলাকাবাসী বার বার বিদ্যুত অফিসে যোগাযোগ করলে দু’দিন পর তা ঠিক করে দেওয়া হয়। কিন্তু একদিন না যেতেই তা অবার বিকল হয়ে যায়।
এ পরিস্থিতিতে এলাকার শত শত সাধারণ জনতা এবং ব্যবসায়ীরা মঙ্গলবার বিকেলে মিছিল নিয়ে স্থানীয় বিদ্যুত অফিস ঘেরাও করে। বিদ্যুত অফিস চত্বরে আয়োজিত সমাবেশে বার্মিজ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মংছিন রাখাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কমিশনার ও যুবদল নেতা আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, পৌর কমিশনার ও শ্রমিক দলের জেলা সভাপতি রফিকুল ইসলাম, বেলাল হোসেন, শহীদুল্লাহ কায়সার, উদয়ন বড়–য়া, এম জসিম উদ্দিন ও মর্তুজা হাসান প্রমুখ।
