মুক্তিযোদ্ধা কোটা বিরোধী সংবাদ সম্মেলন করতে গিয়ে ঢাবিতে শিক্ষার্থীদের হাতে প্রহৃত সন্দেহভাজন শিবির নেতারা
বিসিএস পরীক্ষায় ’মুক্তিযোদ্ধা কোটা’ বিরোধী চারজন সন্দেহভাজন শিবির নেতা-কর্মী মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের হাতে প্রহৃত হয়েছে। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাস সূত্র জানায়, বিকেলে মধুর ক্যান্টিনে সাত/আটজন ছাত্র মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত এই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে সাধারণ শিক্ষার্থীরা তাদের শিবির সন্দেহে ধাওয়া করে। এসময় পালাতে গিয়ে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রফিকুল ইসলাম এবং বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাজেদুল ইসলাম সাধারন শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে যায়। কবি জসীমউদ্দিন হলের এই দুই ছাত্রকে শিক্ষার্থীরা তাদের ব্যাপক ধোলাই দেয়।
এঘটনার পর বিকেল পাঁচটায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আবার সংবাদ সম্মেলন আয়োজন করে এবং সেখানে লিখিত বক্তব্য পাঠ করে নূরে আরাফাত নিয়ন। সংবাদ সম্মেলনে তারা বিসিএস পরীক্ষায় কোটার পরিমান কমিয়ে ৫৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশে নামানোর দাবি জানায়। এসময় সফিকুল ইসলাম চঞ্চল, শামীম, আব্দুল মালেক, সারোয়ার জাহান ও নজরুল ইসলাম পারভেজ নামে কয়েকজন ছাত্র উপস্থিত ছিল।
সংবাদ সম্মেলন শেষে টিএসসি এলাকার ডাচের সামনে আসামাত্র সাধারণ শিক্ষার্থীরা আবারো তাদের ওপর হামলা করে। এ সময় আহত হয় শহীদুল্লাহ হলের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শামীম, একই হলের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের আব্দুল মালেক। বাকিদেরকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শামীমকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল অপরাজেয় বাংলার পাদদেশে তারা বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করে। সমাবেশে তারা কোটা নয়, মেধার ভিত্তিতে বিসিএসে উত্তীর্ণ হওয়ার দাবি জানায়।
অপরদিকে, মঙ্গলবার দুপুর এগারটায় ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ অপরাজেয় বাংলার পাদদেশে মুক্তিযোদ্ধা কোটা বাতিল দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিকে শিবিরের ষড়যন্ত্র আখ্যা দেন এবং তা প্রতিহত করার দাবি জানান। সমাবেশে তারা ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সর্বক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, মন্ত্রী পরিষদ থেকে রাজাকারদের অপসারণ এবং বিসিএস’র প্রশ্নপত্র ফাঁস রোধের চার দফা দাবিও জানিয়েছে।
সভায় বক্তৃতা করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কেন্দ্রীয় আহ্বায়ক মেহেদী হাসান, কামরুল হাসান কমল, নাজমুল ইসলাম ও তরিকুল ইসলাম।
