কুষ্টিয়া ও সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ২ ডাকাত সর্দার নিহত
কুষ্টিয়া ও সিরাজগঞ্জে পুলিশের ক্রসফায়ারে মঙ্গলবার ভোরে দুই ডাকাত সর্দার নিহত হয়েছে।
নিহত দুই ডাকাতের নাম হচ্ছে-- তক্কেল ওরফে সেলিম (৪৬) এবং জেল হক।
বিডিনিউজের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার খোকসা উপজেলার খানপুর হেলিপ্যাড মাঠের কাছে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার সেলিম নিহত হয়।
পুলিশ জানায়, রাজবাড়ী জেলার মাধবলক্ষ্মী গ্রাম থেকে খোকসা থানা পুলিশ সোমবার রাতে সেলিমকে গ্রেপ্তার করে।
সেলিমের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ভোর পৌনে ৪টার দিকে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য খানপুর হেলিপ্যাড মাঠের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টাব্যাপী গুলি বিনিময়ের সময় সেলিম পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত সেলিমের বিরুদ্ধে ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে।
বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাঞ্চনেশ্বর গ্রামে পুলিশের ক্রসফায়ারে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও শীর্ষ সন্ত্রাসী জেল হক নিহত হয়।
জেল হকের বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে।
পুলিশ জানায়, তাড়াশ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে উপজেলার কুমাজপুর গ্রাম থেকে জেল হককে গ্রেপ্তার করে।
জেল হকের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাঞ্চনেশ্বর গ্রামে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেল হকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জেল হক পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিন রাউন্ড তাজা গুলি এবং তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত জেল হকের বিরুদ্ধে তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়াসহ পাঁচটি থানায় হত্যা, ডাকাতি এবং অপহরণসহ কমপক্ষে ১৬টি মামলা রয়েছে।
