সিলেট বন বিভাগে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মাকসুদুর রহমানের বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশনসহ মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ঝড়ে উপড়ে যাওয়া গাছ এবং উদ্ধারকৃত চোরাই কাঠসহ সকল প্রকার কাঠ সিল--টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা থাকলেও সিলেট বন বিভাগের বিভিন্ন বিট থেকে প্রতি বছর কাঠ গড় নিলাম, কুপ নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে। এর ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ।
সম্প্রতি সিলেট বন বিভাগের কালেঙ্গা বিট থেকে প্রায় ১০ কোটি টাকার কাঠ কাগজে--কলমে ঝড়ে উপড়ে পড়া দেখিয়ে কুপ নিলাম মূল্যে বিক্রি করা হয়।
বিষয়টি জানাজানি হলে এ ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত প্রতিবেদন থেকে ওই এলাকায় কোনো প্রকার ঝড় হয়নি বলে জানা যায়।
এ ঘটনায় রেঞ্জ কর্মকর্তাকে সাময়িক ভাবে ওএসডি করা হয়। বিভাগীয় বন কর্মকর্তার সহযোগিতায় কাঠ বিক্রি হয়েছে বলে অভিযোগ ছিল।
সিলেট বন বিভাগের ভানুগা, রাজকান্দি, শ্রীমঙ্গল ডিপো থেকে নিলামের মাধ্যমে গাছ বিক্রির ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং এক শ্রেণীর বন কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে।
কাঠ বিক্রির সাথে বিভাগীয় বন কর্মকর্তা মাকসুদুর রহমান লস্কর প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। এব্যাপারে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খাঁন--এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, অভিযোগ তদন্তের জন্যে লোক নিয়োগ করা হয়েছে, শিগগিরই তদন্তের কাজ শুরু করা হবে।
সূত্র জানায়, সিলেট থেকে প্রতিরাতে ১০ থেকে ১৫ ট্রাক কাঠ, যা কুপ নিলাম মূল্যে বিক্রি হয়েছে সেগুলো ঢাকার নামি--দামি ফার্নিচার কারখানায় আসছে।
নিলামের মাধ্যমে কাঠ বিক্রির বিষয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, সরকারের রাজস্ব বাড়াতে সিল--টেন্ডারের মাধ্যমে কাঠ বিক্রির জন্যে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
