২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনীতে এক যুগে ১৬ টি দুর্ঘটনা: ১৪ জন পাইলটের করুণ মৃত্যূ

 বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এ পর্যন্ত গত ১৩ বছরে ১৬টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন পাইলটের করুণ মৃত্যূ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এভিয়েশন সূত্র জানায়, বিভিন্ন সময়ে নিহতদের মধ্যে রয়েছেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার, ফ্লাইট লেফটেনেন্ট, উইং কমান্ডার, ফ্লাইং অফিসার, ওয়েরেন্ট অফিসার ও ক্যাডেট পাইলট। দুর্ঘটনা কবলিত বিমানগুলোর বেশীর ভাগই চীনের তৈরি এফটি -- ৭, পিটি -- ৬ এবং এফ -- ৭ এমবি মডেলের। এ সব প্রশিক্ষণ বিমানের একেকটির দাম ৫০ থেকে ৭০ কোটি টাকা।

জানা যায়, বিমান বাহিনীতে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ২০০৩ ও ২০০৪ সালে। ২০০২ সালের ১৯ অক্টোবর কক্সবাজারের উখিয়া টিভি স্টেশনের সঙ্গে ধাক্কা খেয়ে প্রশিক্ষণ হেলিকপ্টার (এমআই -- ১৭ -- ২০০) বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান উইং কমান্ডার নেওয়াজ, ফ্লাইং অফিসার সাব্বির, ওয়েরেন্ট অফিসার জহির ও সার্জেন্ট সামাদ।

একই বছর ৩০ জুলাই চট্টগ্রামের বাঁশখালিতে জঙ্গি বিমান এ -- ৫ বিধ্বস্ত হলে লেফটেনেন্ট আদনান মুকিত ঘটনাস্থলেই নিহত হন।

২০০১ সালের ৭ জানুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি বিমান এফটি -- ৭ বিধ্বস্ত হলে নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন। তার সহযোগী পাইলট রেজা আমদাদ খান অল্পের জন্য রক্ষা পান।

২০০৩ সালের ২৫ ফেব্রুয়ারি একটি জঙ্গি প্রশিক্ষণ বিমান এফটি -- ৭ জিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। প্যারাসুট নিয়ে ইজেক্ট করায় প্রায় অলৌকিকভাবে রক্ষা পান স্কোয়াড্রন লিডার আহসানুল কবির ও ফ্লাইট লেফটেনেন্ট শামসুজ্জামান। 

২০০৩ সালের ১৫ নভেম্বরও পাইপার সেনেকা এস -- ২ যান্ত্রিক ত্রুটির কারণে জিয়া বিমানবন্দরে চাকা না খুলেই জরুরি অবতরণ (বেলি ল্যান্ডিং) করে। পাইলট তাপস, ক্যাপ্টেন আহসান ও সহযোগী আনোয়ার প্রাণে বেঁচে যান।

২০০৪ সালের ২০ ডিসেম্বর একটি প্রশিক্ষণ বিমান ধানম-ির আবাহনী মাঠে জরুরি অবতরণ করায় অল্পের জন্যে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

১৯৯৮ সালের ২৬ অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি এফটি -- ৭ বিধ্বস্ত হলে একজন পাইলট নিহত হন।

১৯৯৬ সালে যশোরে একসঙ্গে দুটি পিটি -- ৬ দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান উইং কমান্ডার হক, স্কোয়াড্রন লিডার ইসলাম ও ফ্লাইং অফিসার মাসুদ।

১৯৯৩ সালে এফটি -- ৫ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মারা যান ফ্লাইট লেফটেনেন্ট কুদ্দুস।

গত বছর ৭ জুন টঙ্গীতে একটি প্রশিক্ষণ বিমান এফ -- ৭ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই ফ্লাইট লেফটেনেন্ট আহসান ইজেক্ট করায় প্রাণে রক্ষা পান। তবে বিমানটি টিন শেডের কয়েকটি ঘরের ওপর ভেঙে পড়ায় মারাত্মকভাবে আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন গৃহবধূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।

সবশেষে সোমবার ঝিনাইদহর কোটচাঁদপুর এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পিটি -- ৬ বিধ্বস্ত হলে ক্যাডেট পাইলট তানিউল ঘটনাস্থলেই নিহত হন।