বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের পাঁচ কিলোমিটার উত্তরে বহরমপুরে বিধ্বস্ত হলে ক্যাডেট পাইলট মোহাম্মদ তানিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কেউ হতাহত হয়নি।
বিমান বাহিনী সূত্র জানায়, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিধ্বস্ত হওয়া পিটি - ৬ প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন তানিউল ইসলাম। আগামী জুনেই তানিউলের কমিশন পাওয়ার কথা ছিলো।
দুর্ঘটনার বর্ননা দিয়ে সূত্র জানায়, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ফ্লাইট ক্যাডেট তানিউল সকাল ১০টা ৪৫ মিনিটে বিমান নিয়ে যশোর বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করেন। সকাল ১১টা ৩১ মিনিটে বিমানের সাথে রাডারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১০ মিনিট পর কোটচাঁদপুর এলাকার উত্তরে একটি ফসলের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত বিমানটির সামনের অংশ কাদার ভেতর ঢুকে যায়।
ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বিমানের ককপিট কেটে তানিউলের মৃতদেহ উদ্ধার করে কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফকরুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে দুর্ঘটনার কারণে অনুসন্ধানে ক্যাপ্টেন মোরশেদ হাসান সিদ্দিকিকে প্রধান করে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে যান্ত্রিক ত্রুটিই মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
আন্তঃ বাহিনী জনসংযোগ দপ্তরের পরিচালকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ক্যাডেট পাইলট তানিউল ইসলাম ১৯৮৬ সালের ২৫ জুন চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহন করেন। তিনি ২০০৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন হয়ে ২০০৪ সালের ২০ জুন ফ্লাইট ক্যাডেট হিসেবে বিমানবাহিনীতে যোগ দেন।
