২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কনস্টেবল হত্যার প্রধান আসামী গাজীপুরে র‌্যাবের ক্রসফায়ারে নিহত

র‌্যাব কনস্টেবল নিহত দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামী ও ডাকাত দলের সদস্য সোমবার ভোরে গাজীপুর সদরের পলাসোনা ব্রীজের কাছে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 01:51 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যসহ চারজন আহত হয়েছে।

নিহত ডাকাতের নাম হোসেন হাওলাদার ওরফে শাহীন (২৫)। সে বরিশালের বাকেরগঞ্জ থানার ইয়াছিন হাওলাদারের পুত্র।

শাহীনের অপর দুই আহত সহযোগী হচ্ছে--শহীদুর রহমান (২৫) এবং মনু এলাহী ওরফে তপু (২২)।

আহত র‌্যাবের দুই সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজধানীর খিলগাঁও-এ অভিযান চালিয়ে রোববার শাহীনকে গ্রেপ্তার করে।

শাহীনের স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাবের একটি দল ভোর আড়াইটার দিকে শাহীন এবং তার দুই সহযোগী সাইদুর ও তপুকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পলাসোনা ব্রীজের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহীনের সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘন্টাব্যাপী গুলি বিনিময়কালে শাহীন র‌্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।

আশঙ্কাজনক অবস্থায় শাহীনকে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

র‌্যাব জানায়, র‌্যাবের আক্রমণে শাহীনের অপর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি পাইপগান, একটি রামদা এবং ১৩টি গুলি উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নিহত শাহীনের বিরুদ্ধে দু’টি ডাকাতি এবং হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।

র‌্যাব সদর দপ্তরের কনস্টেবল দেলোয়ার হোসেন শনিবার গাজীপুরের সাতাশ গ্রামে নিজ বাড়িতে ডাকাতের হাতে নিহত হন।