২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র, আজকের কাগজ প্রতিবেদক মিনার বৈদ্যের ওপর হামলাকারীদের ছাত্রত্ব বাতিলের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তিনদিনের ওই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং দৈনিক আজকের কাগজের নিজস্ব প্রতিবেদক মিনার বৈদ্যের (২২) ওপর হামলাকারী ছাত্রদল ক্যাডারদের ছাত্রত্ব বাতিলের দাবি করেছে। এ দাবিতে তারা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কাছে শনিবার স্মারকলিপি পেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এ সময় শিক্ষার্থীরা হামলাকারী ছাত্রদের নাম, বিভাগ ও বর্ষের তথ্য উপাচার্যের কাছে পেশ করেছে।

এ দিকে হামলার ঘটনায় জড়িত জগন্নাথ হল শাখার কর্মী পার্থ ম-ল, ভাস্কর সাহা এবং সঞ্জয়কে অসাংগঠনিক কর্মকা- এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ছাত্রদলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

একই কারণে হলের সহ--সভাপতি পিনাকী হীরা ও যুগ্ম সম্পাদক দিপঙ্কর বিশ্বাসের পদ স্থগিত এবং হলের সাধারণ সম্পাদক সাগর মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঢাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জগন্নাথ হলের ছাত্র এবং আজকের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মিনার বৈদ্য (২২)কে ছাত্রদলের ক্যাডাররা শুক্রবার রাতে বেধরক প্রহার করে এবং হলের তিনতলার কক্ষ থেকে নিচে ফেলে দেয়।

মিনার বৈদ্য অভিযোগ করে, ছাত্রদলের সাগর মজুমদারের নেতৃত্বে ক্যাডার ভাস্কর, পার্থ এবং সঞ্জয়সহ আট থেকে ১০ জন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের দক্ষিণ ভবনের তিনতলার ২৮৩ নম্বর কক্ষে প্রবেশ করে তাকে হকস্টিক ও রড দিয়ে প্রচ- মারধর করে। এক পর্যায়ে ক্যাডাররা মিনারকে তিনতলা কক্ষের জানালা দিয়ে ফেলে দিলে সে ক্যান্টিনের দোতলার ছাদে পড়ে গুরুতর আহত হয়।

মিনার জানায়, ছাত্রদল ক্যাডারদের ক্যান্টিনে ফাও খাওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে প্রায় দেড় বছর আগে একটি প্রতিবেদন প্রকাশ করার কারণে তাকে ছাত্রদল ক্যাডাররা পিটিয়েছে।

মিনার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্র জানায়, হামলাকারী ক্যাডারদের মধ্যে ছিলো-- হলের সভাপতি বিপ্লব পা-ে বিপু, সাধারণ সম্পাদক সাগর মজুমদার, ইংরেজি দ্বিতীয় বর্ষের পার্থ দেব ম-ল, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষেল সঞ্জয়, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ভাস্কর সাহা, সহ--সভাপতি পিনাকী হিরা, যুগ্ম সম্পাদক দিপঙ্কর বিশ্বাস, লোক প্রশাসন প্রথম বর্ষের সুব্রত শর্মা, সংস্কৃত ও পালির চতুর্থ বর্ষের স্বপন, হলের সহ--দপ্তর সম্পাদক বিশ্বজিৎ, সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শুভ্র চৌধুরী প্রমুখ।     

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা শনিবার সকাল ১১টায় এ ঘটনার প্রতিবাদে  ক্যাম্পাসে এক মৌন র্যালী বের করে। র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে বটতলায় এসে শেষ হয়। বটতলায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে তাৎক্ষণিক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সহকারী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রভাষক ফাহমিদুল হক প্রমুখ।

সমাবেশে অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, এভাবে একের পর এক ঘটনা চলতে দিলে আরো সাংবাদিককে হামলার শিকার হতে হবে। কোনো ছাত্র অন্য ছাত্রকে এভাবে মারতে পারেনা এবং হত্যার চেষ্টা করতে পারেনা। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি হামলাকারী ছাত্রদের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, এ ঘটনার বিরুদ্ধে বিভাগীয়ভাবেও ব্যবস্থা নেয়া হবে।

অধ্যাপক গোলাম রহমান বলেন, মুক্তবুদ্ধি চর্চা বন্ধ করার জন্যেই একে একে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষে সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। হামলাকারীরা ছাত্র নামের কলঙ্ক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।